চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থিত দক্ষিণ এশিয়ার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার শিক্ষার্থীদের করোনা টিকার আওতায় আনা হয়েছে।
সোমবার সকাল ৯টা হতে বিকেল ৪টা পর্যন্ত মাদ্রাসার শিক্ষা ভবনের নিচতলায় টিকাদান ক্যাম্পেইনে ৩টি বুথ বসিয়ে ১১০০ শিক্ষার্থীকে করোনা টিকার দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হয়। তাদেরকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিন কোভিশিল্ড প্রদান করা হয়েছে।
স্বাস্থ্য সহকারী মোহাম্মদ দিদারুল আলম, মুরশেদ আলম, বাবুল চন্দ্র দে, বাবর ও জয় কান্তি নাথ মাদ্রাসার শিক্ষার্থীদের টিকা প্রদান করেন।
টিকাদান ক্যাম্পেইন শেষে স্বাস্থ্য সহকারী দিদারুল আলম জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নির্দেশক্রমে মাদ্রাসায় এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ১১০০ শিক্ষার্থীকে করোনার দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, মাদ্রাসাটিতে পর্যায়ে ক্রমে সাড়ে ৬ হাজার শিক্ষার্থীকে করোনার ভ্যাকসিন দেয়া হবে।