দেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগ করতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বিদ্যুৎ সঞ্চালন খাতের আধুনিকায়ন, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, বিদ্যুৎ খাতে নেপাল ও ভুটানের সঙ্গে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে অনুদান ও ঋণ দিতে চায় ইউরোপীয় দেশগুলোর রাজনৈতিক ও অর্থনৈতিক এই জোট।
গতকাল সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সচিবালয়ে দেখা করে বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটেলি।
চার্লস হোয়াইটেলি ইউরোপের বিনিয়োগ ব্যবহার করে বাংলাদেশকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অর্থায়নের প্রস্তাব দেন। তিনি সৌর ও বায়ু বিদ্যুতের প্রসারে ইউরোপীয় ইউনিয়নের আগ্রহের কথা জানান। জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার প্রস্তাবকে স্বাগত জনান। প্রতিমন্ত্রী বলেন, ক্রমাগত উন্নয়নের ফলে গ্যাস ও বিদ্যুতের চাহিদা বেড়েই চলছে। জলবিদ্যুতের জন্য বাংলাদেশ নেপাল ও ভুটানে বিনিয়োগ করতে চায়। ইউরোপীয় ইউনিয়ন এখানে অংশ নিতে পারে। তিনি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কী কী বিষয়ে যৌথভাবে কাজ করা যায় তা খুঁজে বের করার জন্য সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
নসরুল হামিদ বলেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের সঙ্গে সরকার এই খাতে নিবিড়ভাবে কাজ করতে চায়। দূষণমুক্ত উৎস থেকে পাওয়া জ্বালানি, বিতরণ খাতের ডিজিটালাইজেশন, স্মাট মিটার, স্মার্ট গ্রিড, ভূগর্ভস্থ সঞ্চালন লাইন, জ্বালানি খাতের আধুনিকায়ন প্রভৃতি খাতে একসঙ্গে কাজ করা যেতে পারে। ইউরোপের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ ‘পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটকে’ আন্তর্জাতিক মানের একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার কাজও একসঙ্গে করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন তিনি।