গোল্ড ব্যাংক প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বাজুস

জুয়েলারি ব্যবসা সহজ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গোল্ড ব্যাংক ও এক্সচেঞ্জ প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন এ শিল্পের মালিকরা। তাদের এ দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর।

গতকাল মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাজুস জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত দুদিনব্যাপী মতবিনিময় সভার সমাপনী বক্তব্যে এসব কথা বলেন বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর। তিনি আরও বলেছেন, সারা দেশের জুয়েলারি ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হতে হবে। জুয়েলারি শিল্পের উন্নয়নে আমাদের পাশে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার দৃঢ় বিশ্বাস জুয়েলারি পণ্য রপ্তানিতে প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সর্বোচ্চ নীতি সহায়তা প্রদান করবেন। জুয়েলারি পণ্য রপ্তানি হলে বাজুস সদস্য পরিবার, সমাজ, দেশ-জাতি ও বিশে^র কাছে সম্মান পাবেন।

সায়েম সোবহান বলেন, জুয়েলারি খাতে ভ্যাটের সমস্যা সমাধান করতে হবে। হয়রানি বন্ধ করতে হবে। বাজুস প্রেসিডেন্ট জুয়েলারি খাতের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা দেশে জুয়েলারি কারখানা স্থাপন করুন। রপ্তানিতে মনোযোগ দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাজুস সহসভাপতি গুলজার আহমেদ ও আনোয়ার হোসেন, বাজুসের সাবেক সভাপতি ও জেলা মনিটরিং কমিটির চেয়ারম্যান ডা. দিলীপ রায়সহ বিভিন্ন জেলার নেতারা।