ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বিশে্ব শনাক্ত কমেছে

চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত কমেছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের হিসাবে গত সপ্তাহে বিশ্বে ১ কোটি ৮৮ লাখ ৪ হাজার ৯০৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে, যা তার আগের সপ্তাহের তুলনায় ১৬ শতাংশ কম। জানুয়ারির শেষ সপ্তাহে বিশ্বে শনাক্ত হয়েছিল ২ কোটি ২৩ লাখ ৪৬ হাজার ৭৮৬ জন।  তবে আলোচ্য সময়ে বিশ্বজুড়ে মৃত্যু বেড়েছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বিশ্বে ৭২ হাজার ৯৬৭ জনের মৃত্যু হয়েছে, যা জানুয়ারির শেষ সপ্তাহের তুলনায় ৮ শতাংশ বেশি। গত মাসের শেষ সপ্তাহে করোনায় সারা বিশ্বে ৬৭ হাজার ৫৭৬ জনের মৃত্যু হয়েছিল। 

 এদিকে এক দিনের ব্যবধানে শনাক্ত কিছুটা কমলেও বেড়েছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১৮ লাখ ৭০ হাজার ৩৪৫ জন। এর আগের দিন এই সংখ্যা ছিল ২০ লাখ ৬৯ হাজার ৫৬৪ জন। আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৮ হাজার ৩৭৮ জন। এর আগের দিন মৃত্যু হয়েছিল ৭ হাজার ১২০ জনের। 

এদিকে গত ২৪ ঘণ্টার নতুন শনাক্ত ও গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্তদের মধ্যে শনাক্ত হওয়াদের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ কোটি ৮৯ লাখ ৫৭ হাজার জন। আর মৃত্যুর সংখ্যা পৌঁছে গেছে ৫৭ লাখ ৭১ হাজার ৭১৭ জনে।  ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ভারতে। দেশ দুটিতে যথাক্রমে ১২৭৩ ও ১১৭৩ জনের মৃত্যু হয়েছে।

আলোচ্য সময়ে সবচেয়ে বেশি ১ লাখ ৭১ হাজার ৯০৫ জনের করোনা শনাক্ত হয়েছে রাশিয়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে।

এ ছাড়া এ সময়ে জার্মানিতে ১ লাখ ৩৮ হাজার ৮৬৭, তুরস্কে ৯৬ হাজার ৫১৪, জাপানে ৯২ হাজার ৮৬৫, নেদারল্যান্ডসে ৯৯ হাজার ৬১৯, ব্রাজিলে ৬৮ হাজার ৫৪০, ভারতে ৬২ হাজার ৬০৭, যুক্তরাজ্যে ৫৭ হাজার ৬২৩ এবং ইসরায়েলে ৫০ হাজার ৮৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে।