জয়পুরহাটে শহীদ জিয়া কলেজ

নাম পরিবর্তনের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

জয়পুরহাট শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তন করে জয়পুরহাট মহাবিদ্যালয় নামকরণে শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় বিশ^বিদ্যালয়ের সিদ্ধান্ত ছয় মাসের জন্য স্থগিত করেছে উচ্চ আদালত। গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি কাজী জিনাত হকের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।

রুলে ওই কলেজের নাম পরিবর্তন করে নতুন নামকরণের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছে আদালত। আদালতে রিট আবেদনের পক্ষে ভার্চুয়ালি শুনানিতে ছিলেন আইনজীবী কায়সার কামাল ও গালিব আমিদ।

জানা যায়, জয়পুরহাট শহীদ জিয়া কলেজ রাজশাহী বোর্ডের স্বীকৃতি পেয়ে ১৯৮৫ সালে এমপিওভুক্ত হয়। ২০২০ সালে এ নাম পরিবর্তন করার সুপারিশ করে রাজশাহী বোর্ড। সুপারিশের পরিপ্রেক্ষিতে ওই বছরের সেপ্টেম্বরে শিক্ষা মন্ত্রণালয়ের একজন উপসচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই কলেজকে জয়পুরহাট মহাবিদ্যালয় নামকরণে রাজশাহী শিক্ষা বোর্ডের কাছে চিঠি দেওয়া হয়। এর ধারাবাহিকতায় জাতীয় বিশ্ববিদ্যালয় গত বছর ২৬ অক্টোবর জয়পুরহাট শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তন করে জয়পুরহাট মহাবিদ্যালয় নামকরণের চূড়ান্ত অনুমোদন দেয়। পরে এ অনুমোদনকে চ্যালেঞ্জ করে শহীদ জিয়া কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল হক হাইকোর্টে রিট আবেদন করেন।

ব্যারিস্টার গালিব আমিদ দেশ রূপান্তরকে বলেন, ‘১৯৮৫ সাল থেকে কলেজটি শহীদ জিয়া কলেজ নামে পরিচিত ছিল। কিন্তু হঠাৎ করেই নাম পরিবর্তন করা হয়। এ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় বিশ^বিদ্যালয়ের ২০২০ ও ’২১ সালের পৃথক আদেশ চ্যালেঞ্জ করে আবেদন করা হলে আদালত এ আদেশ ও রুল দেন।’