লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে যাওয়ার পথে অতিরিক্ত ঠাণ্ডায় মারা যাওয়া সাত বাংলাদেশির লাশ ১২ ফেব্রুয়ারি (শনিবার) থেকে দেশে আসবে। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান গতকাল মঙ্গলবার দেশ রূপান্তরকে এ তথ্য জানান।
রাষ্ট্রদূতের দেওয়া তথ্যমতে, একটি মরদেহ নিয়ে প্রথম ফ্লাইটটি ১০ ফেব্রুয়ারি রোম ত্যাগ করবে এবং ১২ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছাবে। আরও একজনের মরদেহ নিয়ে দ্বিতীয় ফ্লাইটটি ১১ ফেব্রুয়ারি রোম ত্যাগ করবে এবং ১৩ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছাবে।
শামীম আহসান বলেন, মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। মরদেহগুলো সিসিলি প্রদেশের এগ্রিজেন্তো এলাকায় মর্গে রাখা আছে। লাশ ফেরত পাঠানো বা দাফন সম্পাদনের আগ পর্যন্ত মর্গে রাখা হবে।
গত ২৫ জানুয়ারি ওই সাত বাংলাদেশির মৃত্যু হয়। দূতাবাসের তথ্য অনুযায়ী, নিহতরা হলেন মাদারীপুরের ইমরান হোসেন, জয় তালুকদার, সাফায়েত, জহিরুল, বাপ্পী, সুনামগঞ্জের সাজ্জাদ ও কিশোরগঞ্জের ভৈরবের সাইফুল।