রাষ্ট্রীয় মর্যাদা ছাড়া মুক্তিযোদ্ধার দাফনে উষ্মা

কিশোরগঞ্জের বাজিতপুরে বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব শিকদারকে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার ছাড়া দাফনের অভিযোগের ঘটনায় উষ্মা প্রকাশ করেছে হাইকোর্ট। আদালত বলেছে, ‘মুক্তিযোদ্ধারা জাতির সূর্যসন্তান। এই ঘটনায় বীর মুক্তিযোদ্ধাকে অপমান করা হয়েছে। এটা মেনে নেওয়া যায় না।’ ওই ঘটনায় করা রিট আবেদনের ওপর শুনানিকালে গতকাল মঙ্গলবার এ মন্তব্য করে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ।

এ নিয়ে রুল দিয়েছে হাইকোর্ট। রুলে বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব শিকদারকে রাষ্ট্রীয় মর্যাদা না দেওয়ার ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়েছে আদালত। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালক, জনপ্রাশসন সচিব, কিশোরগঞ্জের জেলা প্রশাসক, বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ ঘটনায় গত ৩১ জানুয়ারি হাইকোর্টে রিট আবেদনটি করেন মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব শিকদারের ছেলে রানা শিকদার। গতকাল আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল হাসান।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ জানুয়ারি বাজিতপুর পৌরসভার দক্ষিণ রাবারকান্দি এলাকার মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব শিকদার মারা যান। অভিযোগ ওঠে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা অনুপস্থিত থাকায় তাকে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই পরদিন দাফন করা হয়।