বাংলাদেশ থেকে বছরে ৪ হাজার কর্মী নেবে গ্রিস

বাংলাদেশ থেকে বছরে চার হাজার নতুন কর্মী নেবে গ্রিস। প্রধানত কৃষিখাতে কাজ করবেন তারা। ইউরোপের প্রথম দেশ হিসেবে গ্রিসের সঙ্গে কর্মী পাঠানোর বিষয়ে বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

গতকাল বুধবার ঢাকায় প্রবাসীকল্যাণ ভবনে দেশ দুটির মধ্যে এ সমঝোতা স্মারক সই হয়। এতে বাংলাদেশের পক্ষে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং গ্রিসের পক্ষে দেশটির মিনিস্টার অব মাইগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম প্যানাইয়োটিস মিতারাচি সই করেন।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এবং গ্রিসের সেক্রেটারি জেনারেল অব মাইগ্রেশন পলিসি পেট্রোক্লস জর্জিওজিয়াডিস উপস্থিত ছিলেন।

এ সমঝোতা স্মারকের ফলে বাংলাদেশের কর্মীদের জন্য গ্রিসে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলো। এছাড়া গ্রিসে অবস্থানরত বাংলাদেশিরা পর্যায়ক্রমে বৈধভাবে কাজ করার সুযোগ পাবেন বলে জানায় মন্ত্রণালয়।

সমঝোতা স্মারক অনুযায়ী বাংলাদেশ থেকে প্রতি বছর চার হাজার নতুন কর্মীকে কাজ করার সুযোগ দেবে গ্রিস। তাদের পাঁচ বছর মেয়াদি টেম্পোরারি ওয়ার্ক পারমিট দেওয়া হবে। তারা কৃষি সেক্টরে সিজনাল ওয়ার্কার হিসেবে কাজ করবেন। পরবর্তীতে উভয় দেশ আলোচনাক্রমে চাহিদার ভিত্তিতে সেক্টরের সংখ্যা বৃদ্ধি করবে। পাঁচ বছর মেয়াদ শেষে তাদের দেশে ফেরত আসতে হবে। তবে তারা কর্মসংস্থানের জন্য গ্রিসে যেতে পারবেন। আবেদনের সময় তাদের বৈধ ট্রাভেল ডকুমেন্ট, বৈধ ওয়ার্ক কন্ট্রাক্ট, অসুস্থতাজনিত ইন্স্যুরেন্সের প্রমাণপত্র জমা দিতে হবে এবং নির্ধারিত ফি ও ব্যয় বহন করতে হবে।

সমঝোতা স্মারক স্বাক্ষরের পর ব্রিফিংয়ে গ্রিসের মন্ত্রী জানান, এই চুক্তিটি গ্রিসের পার্লামেন্টে অনুমোদনের মাধ্যমে শিগগিরই বাস্তবায়ন করা হবে।

এটি ইউরোপের কোনো দেশের সঙ্গে বাংলাদেশের কর্মসংস্থান সংক্রান্ত প্রথম সমঝোতা স্মারক উল্লেখ করে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী বলেন, এর মাধ্যমে বাংলাদেশের কর্মীরা নিরাপদে গ্রিসে গিয়ে বৈধভাবে কাজ করতে পারবেন। বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর সম্পূর্ণ নিয়োগকারীদের ব্যয়ে গ্রিসে যেতে পারবেন। এক্ষেত্রে কোনো আগ্রহী ব্যক্তি যেন দালাল বা প্রতারকের খপ্পরে না পড়েন, সে বিষয়ে সবার সতর্ক থাকতে হবে বলে তিনি উল্লেখ করেন।