ফের নেতাকর্মীদের মুক্তি চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ‘দ্বারস্থ’ হেফাজত

গ্রেপ্তার হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের মুক্ত করতে আবারও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বৈঠক করেছেন সংগঠনটির নেতারা। গতকাল বুধবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক হয়। মন্ত্রী বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। এর আগে গত বছরের ২৬ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার ধানম-ির বাসায় দেখা করেন হেফাজত নেতারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দীর্ঘ সময় ধরে হেফাজত নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে  শোনেন। তিনি সংগঠনটির কারাবন্দি নেতাকর্মীদের সঙ্গে পরিবারের লোকজনের সাক্ষাৎ ও যোগাযোগের ব্যবস্থা করে দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতি দেন। নেতাকর্মীদের নামে ২০১৩, ২০১৬ ও ২০২১ সালের সব মামলা প্রত্যাহারের জন্য মন্ত্রীকে অনুরোধ করেন হেফাজত নেতারা।বৈঠকে মন্ত্রী ছাড়াও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে হেফাজতে ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়. সংগঠনের নায়েবে আমির আল্লামা শাহ আতাউল্লাহ হাফেজ্জী, নায়েবে আমির ও হাটহাজারী মাদ্রাসার মুহতামিম মাওলানা ইয়াহিয়া, নায়েবে আমির দেওনার পীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস নদভী ও প্রচার সম্পাদক মাওলানা মহিউদ্দীন রাব্বানী বৈঠকে উপস্থিতি ছিলেন। অবিলম্বে সংগঠনের বন্দি নেতাকর্মীদের মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানায় হেফাজত।

উল্লেখ্য, গত বছর মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর ঘিরে হেফাজতের বিক্ষোভে ব্যাপক সহিংসতা হয়। নিহত হন বেশ কয়েকজন। পরে নাশকতার অভিযোগে সংগঠনের অনেক নেতাকর্মীকে আটক করা হয়। তাদের কেউ কেউ পরে জামিনে ছাড়া পান।