সিন্ডিকেশন ঋণে থাকতে পারবে বেসরকারি ব্যাংক

বসুন্ধরা গ্রুপের সোনা পরিশোধনাগার প্রকল্পের সিন্ডিকেশন ঋণে সরকারি ব্যাংকগুলোর পাশাপাশি বেসরকারি ব্যাংকগুলোকেও অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকে রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের উপস্থিতিতে অনুষ্ঠিত এক বৈঠকে এ পরামর্শ দেন গভর্নর ফজলে কবির।

এ সময় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, ব্যাংকগুলো এ প্রকল্পে মোট ব্যয়ের ৬০ শতাংশ ঋণ  দেবে, বাকি ৪০ শতাংশ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তথা বসুন্ধরা গ্রুপ মূলধন হিসেবে দেবে। যদিও বর্তমানে অবেদনকৃত সিন্ডিকেশন ঋণে মোট প্রকল্প ব্যয়ের ৭০ শতাংশ রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের দেওয়ার কথা। বাকি ৩০ শতাংশ মূলধন হিসেবে দেওয়ার কথা বসুন্ধরার।

বৈঠক সূত্রে জানা যায়, সোনা পরিশোধনের প্রকল্প বাংলাদেশে একেবারেই নতুন। তাই এটার ঝুঁকিও বেশি। তাছাড়া রাষ্ট্রায়ত্ত পাঁচটি ব্যাংক এখানে বিনিয়োগ করলে পুরো ঝুঁকি রাষ্ট্রের ওপরে পড়ে। কারণ আপাতদৃষ্টিতে ব্যাংক পাঁচটি হলেও এর মালিক সরকার। তাই এই প্রকল্পে বেসরকারি ব্যাংকগুলোকেও যুক্ত করার পরামর্শ দেন গভর্নর। সিন্ডিকেশন ঋণে রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী, রূপালী, জনতা, অগ্রণী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক অর্থায়ন করছে।

জানা গেছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বার্ষিক কর্মপরিকল্পনা চুক্তি (এমওইউ) অনুযায়ী প্রতিটি ব্যাংক একক গ্রাহককে মূলধনের ১০ শতাংশ ঋণ দিতে পারে। কিন্তু এই প্রকল্পে যে পরিমাণ ঋণ দিতে হবে তা সবকটি ব্যাংকের মূলধনের ২০ শতাংশের বেশি। এজন্য চুক্তি অনুযায়ী ব্যাংকগুলো ১০ শতাংশ ঋণ দেবে। অবশিষ্ট ঋণ বেসরকারি ব্যাংকগুলোর কাছ থেকে নেওয়ার জন্য সিন্ডিকেশনে তাদের সংযুক্ত করতে হবে। বেসরকারি ব্যাংকগুলোর একক ঋণগ্রহীতার ক্ষেত্রে মূলধনের ২৫ শতাংশ পর্যন্ত ঋণ দেওয়ার সুযোগ রয়েছে।

বসুন্ধরা গোল্ড রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর। তিনি সম্প্রতি বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সভাপতি হয়েছেন।

জানা গেছে, ৩০০ ফুট ঢাকা-পূর্বাচল হাইওয়ের পাশে ভাটারা থানার জোয়ার সাহারা মৌজায় ৪৭০ শতক জমিতে গড়ে তোলা হবে বসুন্ধরা গোল্ড রিফাইনারি লিমিটেড। সেখানে ভূমি উন্নয়ন শেষে এখন নির্মাণকাজ চলছে।