রাজধানীর শাহবাগ থানাধীন নীলক্ষেত ও পলাশী মোড়ের মাঝামাঝি এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকাল সোয়া ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ইয়াসিন (৩০) একটি বেসরকারি প্রতিষ্ঠানের খাবার সরবরাহকারীর কাজ করতেন। একই দিন পাবনার ঈশ্বরদী ও চট্টগ্রামের মিরসরাইতে পৃথক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও দুজন।
রাজধানীর শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, গতকাল নীলক্ষেত ও পলাশী মোড়ের মাঝামাঝি এলাকায় বাইসাইকেল আরোহী ইয়াসিনকে ধাক্কা দেয় একটি কাভার্ড ভ্যান। এতে তিনি গুরুতর আহত হন। কাভার্ড ভ্যানটির চালক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে বিকেল সোয়া ৪টার দিকে তার মৃত্যু হয়।
শাহবাগ থানার এসআই কাউসার আহমেদ ভূঁইয়া জানান, ওই কাভার্ড ভ্যান চালক মানিক মিয়াই ইয়াসিনকে হাসপাতালে নিয়ে যান। সেখান থেকেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ইয়াসিনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
নিহত ইয়াসিনের মামা মুরাদ হোসেন জানান, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মৃত আবুল কেরামতের ছেলে ইয়াসিন ছিলেন অবিবাহিত। থাকতেন ঝিগাতলা সরকারি কলোনির মসজিদের পাশে একটি ভাড়া বাসায়। ‘হাংরি নাকি’ নামে একটি ফুড ডেলিভারি প্রতিষ্ঠানে তিনি চাকরি করতেন।
অভিযুক্ত কাভার্ড ভ্যান চালক মানিক মিয়া হাসপাতালে সাংবাদিকদের জানান, একটি রিকশাকে ওভারটেক করছিলেন বাইসাইকেল আরোহী। তখন রিকশার সঙ্গে বেঁধে তিনি রাস্তায় পড়ে যান। পরবর্তীতে তার গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। পরে তিনিই ইয়াসিনকে হাসপাতালে নিয়ে আসেন।
এদিকে পাবনার ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় জাফর আলী (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের দাশুড়িয়ার তেঁতুলতলা নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের বাঘহাছলা গ্রামের আকমল হোসেনের ছেলে।
পাকশী হাইওয়ে পুলিশের ওসি আশীষ কুমার স্যানাল জানান, ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। নিহতের লাশ ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করা হয়। পরে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত বুধবার মধ্যরাতে চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে লরির ধাক্কায় ট্রাকচালক নিহত হয়েছেন। নিহত হযরত আলী (৩৫) বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের সোহবান আলীর ছেলে।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. মাহবুব জানান, দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে দ্রুতগতির একটি লরি ধাক্কা দেয়। এতে ট্রাকের পেছনে দাঁড়িয়ে থাকা ট্রাকটির চালক ঘটনাস্থলেই মারা যান। নিহত হযরত আলীর মরদেহ তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।