ডিসিদের তদারকির সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা

এখন থেকে জেলা প্রশাসনের এলাকাধীন উন্নয়ন প্রকল্প মনিটরিং করবেন জেলা প্রশাসকরা। বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত এডিপি শতভাগ প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়নের দায়িত্ব ডিসিদের অফিস আদেশ জারি করেছে সরকার। গত ১৮ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা আদেশের বিরুদ্ধে এক জোট হয়ে মাঠে নেমেছেন প্রকৌশলীরা। এতে সরকারের উন্নয়নকাজ বাধাগ্রস্ত হবে; এবং প্রশাসনিক বিশৃঙ্খলা সৃষ্টি হবে বলে মনে করছেন অভিজ্ঞ প্রকৌশলীরা।

গতকাল বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) উদ্যোগে আইইবি সদর দপ্তরের সামনে ও দেশের সব জেলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন প্রকৌশলীরা।

মানববন্ধনে প্রকৌশলী নেতারা বলেন, বিদ্যমান পরিবীক্ষণ ও মূল্যায়ন পদ্ধতির আলোকে প্রকৌশলীদের প্রত্যক্ষ সম্পৃক্ততায় বড় প্রকল্পের বাস্তবায়ন হচ্ছে। কিন্তু গত ১৮ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা চিঠির মাধ্যমে এডিপিভুক্ত শতভাগ প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়নের দায়িত্ব দেওয়া দেশের উন্নয়নবিরোধী ষড়যন্ত্র বলে মনে হয়। মাঠপর্যায়ে একটি প্রকল্পের নেতৃত্ব দেয় নির্বাহী প্রকৌশলী। সেখানে সরাসরি কাজের মনিটরিং করেন। অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী। এ ছাড়া প্রধান প্রকৌশলী বা সংস্থা প্রধানের দপ্তর, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইএমইডিও মনিটরিং করেন।

প্রকৌশলীরা বলেন, প্রকৌশল কার্যক্রম নন-টেকনিক্যাল মানুষ দিয়ে তদারকি করা তাদের জন্য অসম্মানজনক। এ প্রক্রিয়া চালু হলে একদিকে যেমন দ্বৈততার জন্য অযথা সময়ক্ষেপণ হবে, অন্যদিকে বিদ্যমান প্রকল্প বাস্তবায়ন ও মূল্যায়ন করানো প্রশাসনিক বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এ ধরনের অফিস আদেশ বাতিলের জোর দাবি জানান তারা।