শীতকালীন রোগের সঙ্গে লড়তে খেতে হবে যেসব খাবার

শীতকালে ঋতু পরিবর্তনের এই সময়ে বিশেষ করে এই করোনা পরিস্থিতিতে সুস্থ থাকা ভীষণ জরুরি। এই সময়ে কম বেশি সকলেই হালকা সর্দি-জ্বরে ভুগে থাকেন। অনেকের তো আবার সারা বছরই ঠান্ডা লেগে থাকে। এ জন্য শীতকালে প্রতিদিনের খাদ্যাভ্যাস কিছুটা বদল আনা জরুরি। প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তেল-ঝাল-মসলার পরিবর্তে খাদ্যতালিকায় রাখুন এই খাবারগুলি।

ভিটামিন সি 

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি শরীরের জন্য খুবই উপকারী। কমলালেবু, পালংশাক, মরিচ, লেটুস পাতা ইত্যাদি ফল এবং শাক-সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়।

অনেকে আবার ভিটামিনের সাপ্লিমেন্টও খান। তবে চিকিৎসকরা বলেন, সাপ্লিমেন্টের বদলে ভিটামিন সমৃদ্ধ ফল ও সবজি খাওয়াই বেশি উপকারী।

কাঁচা হলুদ

কাঁচা হলুদ প্রদাহ-বিরোধী। অ্যান্টিভাইরাল ও অ্যান্টিফাঙ্গাল এই কাঁচা হলুদ যেকোনো সংক্রমণের হাত থেকে শরীরে সুস্থ রাখে। শীত বলে নয়, সারা বছর সুস্থ থাকতে কাঁচা হলুদ খেতে পারেন।

রসুন

ফ্লু জাতীয় কোনো সমস্যা বা ভাইরাসজনিত রোগের সঙ্গে লড়তে শক্তি জোগায় রসুন। শীতকালীন গলা ব্যথার হাত থেকেও নিমেষে মুক্তি দেয় রসুন। গরম ভাতে কাঁচা রসুন বেশ উপকারী। তবে কাঁচা রসুন খেতে সমস্যা হলে রান্নায় বেশি করে রসুন দিতে পারেন।

আদা

ভিটামিন, ম্যাগনেশিয়াম, ম্যাংগানিজ সমৃদ্ধ আদা বিপাক পদ্ধতিতে সক্রিয় ভূমিকা পালন করে। আদার অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য বিভিন্ন সংক্রমণের হাত থেকে শরীরকে রক্ষা করে।