ঠাকুরগাঁওয়ে ফখরুল

ইসি নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে

বর্তমান নির্বাচন কমিশনকে চরম ব্যর্থ উল্লেখ করে তাদের বিরুদ্ধে মামলা করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে মির্জা ফখরুল বলেন, কমিশন নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তাদের বিচার হওয়া উচিত।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমরা তাদের বিরুদ্ধে মামলা করব কিনা এটা পরে সিদ্ধান্ত নেব। কারণ এই দেশে মামলা করে কোনো লাভ হয় না। বিভাগও এখন আর স্বাধীনভাবে কাজ করতে পারে না।

নতুন কমিশন গঠনের লক্ষ্যে গঠিত সার্চ কমিটিকে কোনো নাম দেওয়া হবে না উল্লেখ করে ফখরুল বলেন, এই সার্চ কমিটির কাছে নিরপেক্ষতা আশা করার কোনো মানে নেই। সার্চ কমিটির প্রধান করা হয়েছে এমন একজনকে যিনি আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিলেন। 

তিনি বলেন, এই সরকারের অধীনে আগামী কোনো নির্বাচনেও বিএনপি অংশগ্রহণ করবে না। চিরকাল ক্ষমতায় টিকে থাকতে এ সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে নির্বাচন ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে। ফখরুল বলেন, দলকে নতুনভাবে সাজানো হচ্ছে, অঙ্গ সংগঠন ও মূল দলের কমিটি নতুনভাবে গঠন করা হবে খুব দ্রুত। জাতীয় ঐক্য গঠনে আমরা কাজ করে যাচ্ছি। অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিকভাবে আমরা আলোচনা করছি।