চলমান বিপিএলে ৫ ম্যাচে ৫ বার ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান। যা টি-টোয়েন্টি ইতিহাসের রেকর্ডও। তারপরও আইপিএলের ১৫তম আসরের মেগা নিলামের প্রথম দিনে অবিক্রীত রয়ে গেলেন বাংলাদেশি অলরাউন্ডার।
নিলামের প্রথম ডাকে দুই কোটি রুপির ভিত্তি মূল্যের সাকিবের প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজিই আগ্রহ দেখায়নি। ৩৪ বয়সী তারকাকে কেউ না কিনলেও পরে কোনো ফ্র্যাঞ্চাইজির আগ্রহের ভিত্তিতে আবারও তার নাম তোলা হতে পারে।
এবারের আইপিএলের মেগা নিলামের চূড়ান্ত তালিকায় আছেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার— সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। তাদের মধ্যে দুই কোটি রুপির ভিত্তি মূল্যের তালিকায় আছেন সাকিব ও মোস্তাফিজুর রহমান। বাকি তিনজনের ভিত্তিমূল্য ৫০ লাখ।
২০১১ সাল থেকে আইপিএলে খেলছেন সাকিব। প্রথম মেয়াদে ২০১১-১৭ মৌসুম পর্যন্ত কলকতা নাইট রাইডার্সে ছিলেন তিনি। পরে ২০১৮-১৯ মৌসুম কাটান সানরাইজার্স হায়দ্রাবাদে। এরপর ২০২১ সালে ফের যোগ দেন কেকেআরে।