সর্বোচ্চ দামে কেকেআরে শ্রেয়াস আয়ার, দিল্লিতে ওয়ার্নার

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ০২:১৮ পিএম

চলছে আইপিএলের ১৫তম আসরের নিলাম। শনিবার দুপুরে ভারতের বেঙ্গালুরুতে শুরু হওয়া এই মেগা নিলাম চলবে রবিবার পর্যন্ত। এবার চূড়ান্ত নিলামে উঠেছে ৬০০ ক্রিকেটারের নাম। 

নিলাম শুরু হয় শিখর ধাওয়ানকে দিয়ে। ৮ কোটি ২৫ লাখ রুপিতে ভারতীয় ব্যাটারকে দলে নেয় পাঞ্জাব কিংস। ডেভিড ওয়ার্নারকে ৬ কোটি ২৫ লাখ রুপিতে কিনেছে দিল্লি ক্যাপিটালস। ৫ কোটি রুপিতে রবিচন্দ্রন অশ্বিনকে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। গুজরাট টাইটান্স ৬ কোটি ২৫ লাখ রুপিতে দলে নিয়েছে পেসার মোহাম্মদ শামিকে।

প্রথম রাউন্ডে এখন পর্যন্ত সবচেয়ে বেশি দামি ক্রিকেটার শ্রেয়াস আইয়ার। ভারতের এই টপ-অর্ডার ব্যাটারকে দলে নিয়ে কলকাতা নাইট রাইডার্সের খরচ হয়েছে ১২ কোটি ২৫ লাখ রুপি। আইপিএলের গত মৌসুমে তিনি ছিলেন দিল্লি ক্যাপিটালস। কেকেআর ফের প্যাট কামিন্সকে দলে ভিড়িয়েছে ৭ কোটি ২৫ লাখ রুপিতে।

দক্ষিণ আফ্রিকান তারকা কুইন্টন ডি কককে ৬ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছে আইপিএলের নতুন ফ্র্যাঞ্জাইজি লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। কাগিসো রাবাদাকে ৯ কোটি ২৫ লাখ রুপিতে কিনেছে পাঞ্জাব কিংস। ডি কক-রাবাদার স্বদেশি সতীর্থ ফাফ ডু প্লেসিকে ৭ কোটিতে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অন্যদিকে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টকে ৮ কোটিতে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস।

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার শিমরন হেটমায়ার ৮ কোটি ৫০ লাখে যোগ দিয়েছেন রাজস্থান রয়্যালসে। তবে এখনও অবিক্রীত রয়ে গেছেন ডেভিড মিলার, স্টিভেন স্মিথ ও সুরেশ রায়না।

এবারের মেগা নিলামের চূড়ান্ত তালিকায় আছেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার— সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত