আইপিএল নিলাম চলাকালীন হঠাৎ সংজ্ঞা হারানো সঞ্চালক হিউ এডমিডেস সুস্থ আছেন। তার পরিবর্তে নিলামের বাকি অংশের সঞ্চালনা করবেন চারু শর্মা।
খবরটি নিশ্চিত ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার।
নিলাম চলাকালে হঠাৎ দাঁড়িয়ে থাকা অবস্থা থেকে পড়ে যান সঞ্চালক এডমিডেস। মনে করা হচ্ছে, হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন তিনি। যার ফলে থমকে যায় নিলাম।
শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়ে নিলাম চলছিল। তাকে পাওয়ার জন্য লড়াই হচ্ছিল পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে। হাসারাঙ্গার জন্য বেঙ্গালুরু দাম হাঁকায় ১০ কোটি ৭৫ লাখ।
এর মধ্যেই থমকে যায় নিলামের কার্যক্রম। সংজ্ঞা হারান এডমিডেস। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর মধ্যাহ্নভোজের বিরতি নেওয়া হয়। আপাতত এডমিডেসকে বিশ্রাম দেওয়া হয়েছে।
এখন পর্যন্ত আড়াই হাজারের বেশি নিলাম করেছেন এডমিডেস। প্রথমবারের মতো ২০১৮ সালে জয়পুরে আইপিএলের নিলাম করেন তিনি।
চার বছর পর ফের আইপিএলের মেগা নিলামে অংশ নেওয়ার ব্যাপারে উৎসাহিত ছিলেন এডমিডেস। এর আগেও দুই দিনের আইপিএল নিলামের সঞ্চালনা করেছিলেন তিনি।
চলছে আইপিএলের ১৫তম আসরের নিলাম। শনিবার দুপুরে ভারতের বেঙ্গালুরুতে শুরু হওয়া এই মেগা নিলাম চলবে রবিবার পর্যন্ত। এবার চূড়ান্ত নিলামে উঠেছে ৬০০ ক্রিকেটারের নাম।
আইপিএল নিলামের মধ্যেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন সঞ্চালক