পার্কিং চার্জ বৃদ্ধি, ওভারলোডিংসহ অভ্যন্তরীণ নানা জটিলতায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পাথর রপ্তানি কমিয়ে দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। এতে দেশের ব্যবসায়ীরা সরবরাহ ঘাটতিতে পাথরের দাম আরও বৃদ্ধির আশঙ্কা করছেন। গতকাল বিকেল পৌনে ৪টার পর বন্দর দিয়ে পাথর আমদানি শুরু হয়। তবে ওভার লোডিং নয়, আমদানি হচ্ছে আন্ডার লোডিং পাথর। ভারতের হিলির সিঅ্যান্ডএফ এজেন্ট খোকন সরকার বলেছেন, ট্রাকে চিপস পাথর লোডিং হয়নি। বোল্ডার পাথর রপ্তানি হচ্ছে। ভারতে ওভারলোডিং ও পার্কিং চার্জ নিয়ে কিছু সমস্যা রয়েছে। সেটি সমাধানের পর চিপস পাথর লোডিং শুরু হলে বাংলাদেশে আবারও তা রপ্তানি শুরু হবে। তবে কখন হবে, সেটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও মেয়র জামিল হোসেন চলন্ত বলেছেন, বিষয়টি নিয়ে ভারতীয় রপ্তানিকারক অ্যাসোসিয়েশেনর সঙ্গে আলোচনা হয়েছে। তারা জানিয়েছেন, পার্কিং জটিলতা পাথর রপ্তানিতে মূল সমস্যা। সেই সঙ্গে ওভারলোডিংয়ের সমস্যাও রয়েছে। আগে পার্কিংয়ে প্রবেশে প্রতিটি ট্রাকে ১০০ টাকা নেওয়া হলেও এখন বাড়িয়ে করা হয়েছে ৪০০ টাকা। এ ছাড়া পার্কিংয়ে ট্রাক হল্টেজ থাকলে সারা দিন ৩০ টাকা দিতে হতো। এখন দিতে হয় ঘণ্টায় ৫০ টাকা। এই জটিলতাগুলো নিয়ে ভারতীয় রপ্তানিকারক অ্যাসোসিয়েশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত জানাবেন তারা।