বাংলাদেশ দূতাবাসে পিটার হাস

সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহ যুক্তরাষ্ট্রের

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছেন, দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে তিনি ঢাকার সঙ্গে একত্রে কাজ করার জন্য উন্মুখ। দায়িত্ব পালনে বাংলাদেশে আসার আগে গত শুক্রবার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস পরিদর্শনকালে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস। এতে বলা হয়েছে, পিটার ডি হাসকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম ও মিশনের অন্য কর্মকর্তারা।

মতবিনিময়কালে দুই রাষ্ট্রদূত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপনের জন্য উভয় পক্ষের বৃহত্তর সম্পৃক্ততা এবং পারস্পরিক লাভজনক কর্মসূচি ও পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন তারা।

এর আগে রাষ্ট্রদূত হাস দূতাবাস প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত ৯ জুলাই বাংলাদেশে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে পিটার ডি হাসকে মনোনয়ন দেন। পরে ডি হাসের মনোনয়ন চূড়ান্ত করে দেশটির সিনেট। মার্চে রাষ্ট্রদূত আর্ল আর মিলারের স্থলাভিষিক্ত হবেন তিনি।