কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার ভোরে কুতুপালং-২ পূর্ব রোহিঙ্গা ক্যাম্পের বি-ডব্লিউ-৫ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম (৬০) ওই ব্লকের সাব-মাঝি হিসেবে দায়িত্বরত ছিলেন। এ সময় আহত হয়েছেন আরও দুই রোহিঙ্গা নেতা।
স্থানীয়রা জানান, গতকাল ভোরে ক্যাম্পের তিনজন মাঝিকে ধরে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে তাদের হাত- পা কুপিয়ে জখম করে। এর মধ্যে হাসপাতালে মারা যান আবুল কালাম। এ ঘটনায় আহত হন ক্যাম্পের হেড মাঝি মো. আমিন ও সাব মাঝি মো. জাফর।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করায় আগে থেকেই তাদের হুমকি দিয়ে আসছিল সন্ত্রাসীরা।
ওই ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার নাইমুল হক বলেন, ‘নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। এ ঘটনায় পুলিশ কাজ করছে।’
উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) গাজী সালাহ উদ্দিন বলেন, ‘কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন এক রোহিঙ্গা মারা যাওয়ার খবর পাওয়া গেছে। পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সন্দেহভাজন বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।’