আইনমন্ত্রী বললেন

‘ইনোসেন্ট কনভারসেশন’কে পুঁজি বানানো হচ্ছে

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওকে ‘ইনোসেন্ট কনভারসেশন’ (নির্দোষ কথো-পকথন) উল্লেখ করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, এটিকে পুঁজি বানানোর চেষ্টা করা হচ্ছে। গতকাল রবিবার সচিবালয়ে বার কাউন্সিলের নেতাদের কাছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ২০ কোটি টাকা প্রণোদনার চেক হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন তিনি। সম্প্রতি প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার সঙ্গে মোবাইল কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে আইনমন্ত্রীর কাছে জানতে চান সাংবাদিকরা। মন্ত্রী বলেন, ‘যারা এই অডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছেন, তারা এতটাই দেউলিয়া যে একটা ইনোসেন্ট কনভারসেশনকে এখন তারা পুঁজি বানানোর চেষ্টা করছেন। এর মানে হচ্ছে, তাদের কাছে কোনো হাতিয়ার নেই।’ তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, এটা অবশ্যই তদন্ত করা হবে এবং এটাকে গুরুত্ব দেওয়া আমার মনে হয় সঠিক হবে না।’

আনিসুল হক বলেন, ‘আইনজীবীদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাকালে আইনজীবীদের দুরবস্থার কথা বিবেচনা করে তার ত্রাণ তহবিল থেকে ২০ কোটি টাকা মঞ্জুর করেছেন।’ এসময় বার কাউন্সিলের চেয়ারম্যান ও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এ এম আমিন উদ্দিন, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন আইনমন্ত্রীর কাছ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক গ্রহণ করেন।