গণতন্ত্রের প্রতি অশ্রদ্ধা থেকেই বিএনপি রাষ্ট্রপতির সংলাপে যায়নি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘তারা (বিএনপি) সার্চ কমিটিকেও অবজ্ঞা করছে। বিএনপির যদি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা থাকে, যদি গণতন্ত্র বিশ্বাস করে, আমি মনে করি, প্রথমত তাদের সংলাপে যাওয়া উচিত ছিল। সংলাপে গিয়ে তারা তাদের আপত্তির কথাগুলো বলতে পারত। সংলাপে না গিয়ে তারা রাষ্ট্রপতিকে, রাষ্ট্রকে অবজ্ঞা করেছে।’
বিশ^ বেতার দিবস উপলক্ষে গতকাল রবিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের আলোচনা সভায় বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপিসহ যারা রাষ্ট্রপতির সংলাপে যায়নি এমন ব্যাপক সংখ্যক দল এবং সুশীল সমাজের প্রতিনিধিরা সার্চ কমিটির সঙ্গে বসছে, আলাপ করছে। তখন বিএনপিরও অনেকেই অনুধাবন করতে সক্ষম হচ্ছে যে এতে অংশগ্রহণ না করে বিএনপি ভুল করছে। সে জন্যই বিএনপি ঘরোনার বুদ্ধিজীবী এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডা. জাফরুল্লাহসহ অনেক গণমাধ্যম ব্যক্তিত্বরা সেই অনুরোধ জানিয়েছে। আমি মনে করি, বিএনপির যদি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা থাকে এবং দেশে গণতান্ত্রিক রীতিনীতি অব্যাহত থাকুক সেটি চায়, তাদের সার্চ কমিটির কাছে নাম জমা দেওয়া উচিত।’
তিনি আরও বলেন, ‘বেগম জিয়া যখন ক্ষমতায় ছিলেন তখন ২১ আগস্টে গ্রেনেড হামলা হয়েছে, সারা দেশে ৫০০ জায়গায় বোমা ফুটেছে, জঙ্গিবাদের উত্থান হয়েছে। তারা তো গণতান্ত্রিক রীতিনীতিতে বিশ্বাস করে না। সে জন্য এই গণতান্ত্রিক রীতিনীতির প্রতিও তাদের শ্রদ্ধা নেই, তারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে। সংবিধানে বলা আছে, যে সরকার দায়িত্ব পালন করে আসছে সেই সরকারই নির্বাচনকালীন দায়িত্ব পালন করবে, রুটিন কাজ করবে; অর্থাৎ বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বের সরকারই নির্বাচনকালীন সরকার হিসেবে কাজ করবে। কিন্তু মন্ত্রী বা অন্য কেউ তো দূরের কথা প্রধানমন্ত্রীও নির্বাচনের তফসিল ঘোষণার পর কোনো কনস্টেবলও বদলি করতে পারেন না। সুতরাং নির্বাচনকালীন সরকারের কথা বলে তারা জনগণকে যে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে, সেটি আসলে গণতন্ত্রের প্রতি অশ্রদ্ধারই শামিল।’
বিশ্ব বেতার দিবসের আলোচনায় সম্প্রচারমন্ত্রী বলেন, ‘স্বাধীনতাযুদ্ধে বেতার দ্বিতীয় ফ্রন্ট হিসেবে কাজ করেছে, এটি ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’ মানুষের মানবিকতা ও নৈতিকতা রক্ষায় বাংলাদেশ বেতারের ভূমিকা অব্যাহত রাখতে নতুন নতুন অনুষ্ঠান নির্মাণের আহ্বান জানান তিনি।
বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহমেদ কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন। ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি বিয়েট্রিস ক্যালদুন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।