দেশে করোনা সংক্রমণ কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় এক মাস পর এক দিনে শনাক্ত রোগী ৫ হাজারের নিচে নেমে এসেছে। শনাক্তের হারও কমে ১৫ শতাংশের নিচে দাঁড়িয়েছে। গতকাল রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৮৩৮ জন ও শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৮৫ শতাংশ। এসময় করোনায় মারা গেছেন ২৮ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৯ হাজার ৬৬৪ জন ও মোট মৃত্যু ২৮ হাজার ৮১৯।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় পরীক্ষা হয় ৩২ হাজার ৫৭৪টি নমুনা। গত এক দিনে শনাক্ত রোগীদের মধ্যে ৩ হাজার ৩৮৬ জনই ঢাকা বিভাগের বাসিন্দা, যা মোট আক্রান্তের ৬৯ শতাংশের বেশি। এছাড়া যে ২৮ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ২০ জন পুরুষ এবং আটজন নারী। তাদের মধ্যে ১২ জন ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা। এছাড়া চট্টগ্রাম বিভাগের দুজন, রাজশাহী বিভাগের চারজন, খুলনা বিভাগের ছয়জন, বরিশাল বিভাগের একজন, সিলেট বিভাগের একজন ও রংপুর বিভাগের দুজন বাসিন্দা ছিলেন।