ফেনীর সোনাগাজীতে আলা উদ্দিন এস্কান্দার (৪৮) নামে এক ইউপি সদস্য শপথ গ্রহণের তিন দিনের মাথায় মারা গেছেন। রবিবার সন্ধ্যা সাতটায় তিনি ফেনী কার্ডিয়াক হাসপাতালে মৃত্যুবরণ করেন।
সোনাগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উম্মে রুমা জানান, সোনাগাজী সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও চরখোয়াজ গ্রামের বাসিন্দা আলা উদ্দিন এস্কান্দারের বুকে ব্যথা উঠলে রবিবার বিকেলে তাকে ফেনী শহরের কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যা সাতটার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
গত ২৬ ডিসেম্বর তিনি আট নম্বর ওয়ার্ড থেকে মেম্বার নির্বাচিত হন। গত ১০ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা এএম জহিরুল হায়াত তাকেসহ নবনির্বাচিত মেম্বারদের শপথ বাক্য পাঠ করান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার কন্যা সন্তান রেখে গেছেন।
সোমবার সকাল ১১টায় চরখোয়াজ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
সোনাগাজী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক, পৌরসভার মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন ও উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক হিরণ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।