ফাগুন উদযাপনে গিয়ে সড়কে প্রাণ গেল কলেজছাত্রের

ঋতুরাজ বসন্তকে বরণ আর বিশ্ব ভালোবাসা দিবসের যৌথ উদযাপনে গতকাল সোমবার মেতে ছিল সারা দেশ। প্রিয় মানুষ কিংবা বন্ধুকে নিয়ে অনেকেই ঘুরতে বেরিয়ে ছিল এদিন। টাঙ্গাইলের মির্জাপুরের কলেজছাত্র ফিরোজও তার এক বন্ধুসহ মোটরসাইকেল নিয়ে বেরিয়েছিলেন ঘুরতে। কিন্তু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসচাপায় ঘটনাস্থলেই নিহত হন ফিরোজ। সহযাত্রী বন্ধু সাইদুলের অবস্থাও আশঙ্কাজনক। এছাড়া গতকাল ফাগুনের প্রথম দিনে ফুল কিনতে গিয়ে, কাজ থেকে ফেরার পথে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার সড়কে ঝরেছে আরও পাঁচ প্রাণ।

দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক ও সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

টাঙ্গাইলের মির্জাপুরে বন্ধুর সঙ্গে ঘুরতে এসে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র ফিরোজের (১৮)। গতকাল বেলা ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজ উপজেলার তরফপুর ইউনিয়নের গাজেশ্বরী গ্রামের চান মিয়ার ছেলে। তার পারিবারিক সূত্রে জানিয়েছে, বসন্তবরণ উপলক্ষে মির্জাপুর সদরে যাচ্ছিল দুই বন্ধু। কিন্তু পথে মৃত্যুকেই বরণ করতে হলো ফিরোজের।

হাইওয়ে পুলিশ জানায়, বেলা ১২টার দিকে মহাসড়কের ওই স্থানে পৌঁছার পর টাঙ্গাইলগামী বিনিময় পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলে ফিরোজ নিহত হয়। দুর্ঘটনায় গুরুতর আহত ফিরোজের বন্ধু সাইদুলকে স্থানীয় লোকজন উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। পুলিশ বাসটি আটক করেছে।

গোড়াই হাইওয়ে থানার ওসি মো. আজিজুল হক বলেন, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাসটি আটক করা হয়েছে।

ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি লরির চাপায় পিষ্ট হয়ে আবির নামে ছয় বছরের এক শিশু নিহত হয়েছে। গতকাল দুপুরে রাওনা ইউনিয়নের ভারইল টু শহীদ জব্বারের বাড়ি সড়কের ভারইল গ্রামে ঘটনাটি ঘটে। নিহত আবির উপজেলার বারোবাড়িয়া ইউনিয়নের প্রবাসী কায়েসের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, খারুয়াবড়াইল গ্রামে বাবার বাড়িতে আনারী বেগম তার নিহত ছেলে কতেন। ওই বাড়িতে নতুন ঘর নির্মাণের জন্য গতকাল  ইটবাহী একটি লরি আসে তাদের উঠানে। ইট নামানোর পর লরিতে অন্য শিশুদের সঙ্গে আবিরও ওঠে। লরি থেকে নামার সময় চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আবিরের মৃত্যু হয়।

গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নরসিংদীতে মোটরসাইকেলের ধাক্কায় হোসেন শাহ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল দুপুরে পৌর এলাকার সাটিরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত হোসেন শাহ নরসিংদী সদরের ব্রাহ্মণপাড়া এলাকার কাদের মুনসির ছেলে। তিনি পেশায় একজন মুদি দোকানি ছিলেন।

স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে হোসেন শাহ নামে ওই ব্যক্তি পৌর এলাকার কালিকুমার উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তা পার হচ্ছিলেন। এসময় পৌরসভা মোড় অভিমুখী একটি মোটরসাইকেল দ্রুতবেগে এসে হোসেন শাহকে ধাক্কা দেয়। পরে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি।

স্থানীয়রা এবং পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে নেওয়ার পথে মারা যান হোসেন শাহ।

নরসিংদী মডেল থানার ওসি সওগাতুল আলম বলেন, বিক্ষুব্ধ জনতা মোটরসাইকেলটিতে আগুন দিয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে রাজধানীর মৎস্য ভবন ও শাহজাহানপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ভোরে ও গত রবিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এর মধ্যে গতকাল ভোর সাড়ে ৬টার দিকে রাজধানীর শাহবাগ থানাধীন মৎস্য ভবনের সামনে সড়ক দুর্ঘটনায় দিপু মিয়া (২৬) নামে এক যুবক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টায় তার মৃত্যু হয়। যাত্রাবাড়ী মৃধাবাড়ি এলাকায় নানির বাড়িতে থাকতেন তিনি। তিনি বেকার ছিলেন।

দিপু মিয়ার খালাতো ভাই মাহবুবুল ইসলাম জানান, ভোর ৪টায় দিকে দিপু তাকে ফোন দিয়ে জানায়, শাহবাগে ফুল কিনতে গিয়েছে সে। এর কিছুক্ষণ পরেই আবার তার ফোন থেকে এক পথচারী ফোন দিয়ে জানান, রাস্তায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পড়ে রয়েছে দিপু। পরে তিনি সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে দিপুকে উদ্ধার করে হাসপাতালে নেন। 

অন্যদিকে রাজধানীর শাহজাহানপুরে ট্রান্সপোর্টের গাড়ির ধাক্কায় আল আমিন (২২) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে শাহজাহানপুর আইসিডি গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মারা যান তিনি। একটি বিস্কিট তৈরির কারখানার বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করতেন তিনি। তার বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলায়।

শাহজাহানপুর থানার এসআই জামাল হোসেন জানান, রাতে কারখানার কাজ শেষ করে বাইসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে দেশ ট্রান্সপোর্ট লিমিটেড নামে একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। দুর্ঘটনার পরপরই গাড়িসহ চালককে আটক করা হয়েছে।

এছাড়া কুমিল্লার দেবিদ্বারে  সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির নিহত হওয়ার খবর পাওয়া গেছে।  গতকাল বেলা ১টার দিকে  কুমিল্লা-সিলেট সড়কের চাঁপানগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজ মাহমুদ ফেনীর দাগনভূঁইয়ার গিয়াসউদ্দীনের ছেলে।

রাজধানীর গাবতলীতে বাসের ধাক্কায় জাবেদ আলী ওরফে জয়নাল (৬২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জয়নালের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার রসুলপুর গ্রামে। ৪ সন্তানের জনক ছিলেন তিনি।

দারুসসালাম থানার উপপরিদর্শক (এসআই) জাবেদ আলী জানান, মাগরিবের নামাজ পড়ার পর ওই ব্যক্তি গাবতলী আন্ডারপাসের ওপর দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। তখন একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। খবর পেয়ে তার লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, বাসটি শনাক্ত করা যায়নি। তবে সেটি সিটি থেকে সাভারের দিকে গিয়েছে বলে জানতে পেরেছি। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

এদিকে নিহতের মেয়েজামাই আনোয়ার হোসেন জানান, তার শ্বশুর জয়নাল গ্রামের বাড়িতে থাকতেন। গাবতলীতে একটি বাস কাউন্টারে চাকরি করতেন। সন্ধ্যায় বাসের ধাক্কায় তার মৃত্যুর খবর শুনতে পান স্বজনরা।