বগুড়ায় বাস চাপায় ৫ জন নিহতের ঘটনায় সিরাজগঞ্জ র্যাব-১২ এর একটি দল অভিযান চালিয়ে চালক সাইফুল ইসলামকে (৫৬) গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকার একতা হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি ঢাকার বেগুনবাড়ি এলাকার জানে আলমের ছেলে ও হানিফ পরিবহনের চালক।
সিরাজগঞ্জ র্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ২৬ জানুয়ারি বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর এলাকায় যাত্রীবাহী হানিফ পরিবহন ও সিএনজি টেম্পোর মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালক বাবুল প্রামাণিকসহ ৫ জন নিহত হন।
ঘটনার পরপরই বেপরোয়া গতির হানিফ পরিবহনের চালক বাস নিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনায় ২৭ জানুয়ারি নিহত সিএনজি চালক বাবুল প্রামাণিকের ছেলে মো. সেলিম (২৬) বাদী হয়ে শেরপুর থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেন।
এ ঘটনায় সিরাজগঞ্জ র্যাব-১২ এর কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের ভিত্তিতে সিরাজগঞ্জ র্যাব-১২ এর একটি দল আধুনিক তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে এদিন সকালে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকার একতা হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে শেরপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।