হাতিয়ার এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে চট্টগ্রামের হাটহাজারী মডেল থানা-পুলিশ।
সোমবার রাত আটটায় উপজেলার দাতারাম সড়কের ইলেকট্রিসিটি মূল গেটের সামনে থেকে গলাকাটা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নিহত তারেক হোসেন (১৭) হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পণ্ডিত দালাল বাড়ির বেলাল উদ্দিনের ছেলে। হাটহাজারী পুলিশ এ খবর নিশ্চিত করেছে।
হাটহাজারীর স্থানীয় সূত্র জানায়, লাশটি রাস্তার পাশে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা হাটহাজারী থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি হাটহাজারী থানায় নিয়ে যায়। পরে অন্য অটোরিকশাচালকেরা তারেকের পরিচয় নিশ্চিত করে।
হাটহাজারীর ঘটনাস্থল দক্ষিণ মাদ্রাসা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ইউছুপ উদ্দিন জানান, ঘটনাস্থলটি অনেক বেশি অন্ধকার হওয়ায় প্রতিনিয়ত ছিনতাইসহ খুনের ঘটনা ঘটছে।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কী কারণে অটোচালক তারেক খুন হয়েছে তা এখনো জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।