শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ও পূর্ণাঙ্গ উৎসবভাতা প্রদানসহ আট দফা দাবিতে দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের সংগঠন স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন। পাশাপাশি মুজিববর্ষের মধ্যেই এসব দাবি পূরণের জন্য প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা। সংগঠনের জেলা ও মহানগর শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার এ কর্মসূচি পালন করা হয়। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :
গাজীপুর : সংগঠনের গাজীপুর মহানগর ও জেলা শাখার উদ্যোগে গতকাল দুপুরে শহরের রাজবাড়ী রোডে মানববন্ধন পালন করা হয়। মহানগর শাখার সভাপতি অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়ার নেতৃত্বে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
রাজশাহী : স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের রাজশাহী মহানগরী ও জেলা শাখার উদ্যোগে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন পালন করা হয়। এ সময় সংগঠনের মহানগর সভাপতি সাবিনা পারভিন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
বরিশাল : বরিশাল জেলা কমিটির উদ্যোগে সকাল সাড়ে ১০টায় নগরের অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধন হয়। জেলা কমিটির সভাপতি অধ্যাপক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মহানগর শাখার সভাপতি অধ্যক্ষ আবুল কাশেম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. মামুনুর রশিদ প্রমুখ।
চাঁদপুর : ফেডারেশনের চাঁদপুর জেলা শাখার আয়োজনে বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে চাঁদপুর-কুমিল্লা সড়কে মানববন্ধন হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন।
চাঁপাইনবাবগঞ্জ : জেলা শাখার আয়োজনে সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের সরকারি কলেজ মোড়ের মুজিব চত্বরে মানববন্ধন হয়। এ সময় জেলা শাখার সভাপতি তারিক-ই-নুর জামাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
মাগুরা : সকালে মাগুরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন শিক্ষকরা।
ঠাকুরগাঁও : সংগঠনের জেলা শাখার আয়োজনে গতকাল পৌর শহরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়।
লক্ষ্মীপুর : স্বাধীনতা শিক্ষক পরিষদ ও মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখার ব্যানারে এদিন জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে মানববন্ধন হয়।