বাংলাদেশ ইকোনমিক জোন ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের (বেজিয়া) সভাপতি নির্বাচিত হয়েছেন বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান।
গতকাল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচিত ১৭ জনের নির্বাহী কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন পরিচালনাকারী ও নির্বাচন বোর্ড চেয়ারম্যান ড. কাজী এরতেজা হাসান। সঙ্গে নির্বাচন বোর্ড সদস্য ছিলেন মো. রিয়াদ আলী, টিআইএম নুরুল কবির ও সংগঠনের সচিব মো. রফিকুল ইসলাম। ২০২২-২৪ সাল মেয়াদি নির্বাচিত কমিটিতে জ্যেষ্ঠ সহ-সভাপতি হয়েছেন ডিবিএল ইন্ডাস্ট্রিয়াল পার্কের এমডি মো. আবদুল জব্বার, সহ-সভাপতি-১ বার্জার পেইন্টস বাংলাদেশের এমডি রুপালী এইচ চৌধুরী, সহ-সভাপতি-২ অনন্ত অ্যাপারেলসের এমডি মো. শরীফ জহির, সহ-সভাপতি-৩ সায়মন বিচ রিসোর্টের এমডি মাহবুবুর রহমান এবং ফিন্যান্স ডিরেক্টর নির্বাচিত হয়েছেন ফখরুদ্দীন টেক্সটাইল মিলসের এমডি মো. আসিফ আশরাফ।
নির্বাচিত পরিচালকরা হলেন বিএসআরএম স্টিল মিলসের এমডি আমির আলি হুসেইন, এসপিএল পেট্রো কেমিক্যাল কমপ্লেক্সের এমডি মো. মুস্তফা হায়দার, এসিআই লিমিটেডের এমডি ড. আরিফ দৌলা, ম্যাকডোনাল্ড স্টিল বিল্ডিং প্রডাক্টসের এমডি মো. সারোয়ার কামাল, রাতুল অ্যাপারেলসের এমডি মোহাম্মদ মোস্তফা, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের পরিচালক ও সিইও মো. হালিমুজ্জামান, আমান স্পিনিং মিলসের এমডি তাহসিন আমান, উত্তরা মোটরসের চেয়ারম্যান ও এমডি মো. মতিউর রহমান, মার্চেন্ট মেলবোর্নের এমডি দেলোয়ার এইচ টিটু, ম্যাংগো টেলি সার্ভিসেসের এমডি মীর মাসুদ কবির, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের এমডি-সিইও হুমায়ুন রশীদ।