সৈকতে ভেসে এল শত শত মৃত জেলিফিস

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন চর বিজয়ে ভেসে এসেছে শত শত আওরেলিয়া আওরেটা প্রাজাতির মৃত জেলিফিস।

মঙ্গলবার সন্ধ্যায় এসব জেলিফিস ভেসে আসতে দেখে স্থানীয়রা। এছাড়া কুয়াকাটা সংলগ্ন ঝাউবাগান ও লেম্বুর চরেও কিছু জেলিফিস দেখতে পান তারা।

তবে ঠিক কী কারণে এসব জেলিফিসের মৃত্যু হচ্ছে তা বলতে পারছে না কেউ।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, মেরুদণ্ডহীন এসব প্রাণী চাঁদের মতো দেখতে বলে এদেরকে মুন জেলিফিসও বলা হয়। এগুলো মূলত সাঁতারে তেমন পারদর্শী নয়। অনেক সময় খাদ্য অন্বেষণে কিংবা বাতসের টানে উপরের দিকে চলে আসে জেলিফিস। পরে বালুতে আটকা পড়ে মারা যায়।