বেমেয়াদিতে রূপান্তর হচ্ছে এনএলআই মিউচুয়াল ফান্ড

১০ বছরের মেয়াদ শেষে সংখ্যাগরিষ্ঠ ইউনিটধারীদের ভোটে বেমেয়াদি মিউচুয়াল ফান্ডে রূপান্তরিত হতে যাচ্ছে মেয়াদি এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড। গতকাল ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ইউনিটধারীদের সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি পরিচালিত এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড পরিচালনা করছে।

২০১২ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড। মেয়াদি মিউচুয়াল ফান্ডের বিধি অনুযায়ী ১০ বছরের মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি। আইন অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার পর ফান্ডটি অবসায়ন কিংবা বেমেয়াদিতে রূপান্তর করতে হবে। গতকালের ইউনিটধারীদের সভায় মিউচুয়াল ফান্ডটি বেমেয়াদিতে রূপান্তরের পক্ষে ভোট দেন উপস্থিত ৯৯ দশমিক ২৯ শতাংশ ইউনিটধারী। এখন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) অনুমতি পেলে বেমেয়াদি মিউচুয়াল ফান্ড হিসেবে যাত্রা শুরু করবে এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি।

ইউনিটধারীদের সভায় সভাপতিত্ব করেন ফান্ডের ট্রাস্টি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন আইসিবির চেয়ারম্যান প্রফেসর ড. মো. কিসমাতুল আহসান। এ সময় আরও বক্তব্য রাখেন ফান্ডের সম্পদ ব্যবস্থাপক ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির চেয়ারম্যান জিয়া উদ্দিন আহমেদ, সিইও শহীদুল ইসলাম প্রমুখ।

২০১২ সালে যাত্রা শুরুর সময় এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আকার ছিল ৪৫ কোটি ৮০ লাখ টাকা, যা গত ৬ ফেব্রুয়ারি বাজারমূল্যে মোট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৭৫ কোটি ২০ লাখ টাকা। গত ১০ বছরে পুঁজিবাজারে সবচেয়ে ভালো পারফর্ম করা ফান্ডগুলোর একটি হচ্ছে এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড। গত ১০ বছরে ফান্ডটি ৫২ কোটি ১০ লাখ টাকা নগদ লভ্যাংশ পরিশোধ করেছে।