খেলাধুলার খুব ভক্ত ছিলেন উপমহাদেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক বাপ্পি লাহিড়ী। মঙ্গলবার মধ্যরাতে না ফেরার দেশে পাড়ি দেওয়া ভারতীয় এই শিল্পী বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বিপিএলের থিম সংয়ের স্রষ্টা ছিলেন।
২০১২ সালে বিপিএলের প্রথম আসরের থিম সং করেছিলেন বাপ্পি লাহিড়ী। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের মঞ্চে নিজে গেয়েছিলেনও গানটি। তার সঙ্গে গলা মিলিয়েছিলেন কুমার বিশ্বজিৎ ও শান। গানটির সুর ও সংগীত আয়োজনও ছিল বাপ্পি লাহিড়ীর।
বিপিএলের থিম সংয়ের স্রষ্টার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট (বিসিবি)। মিরপুরে বুধবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যকার দ্বিতীয় এলিমিনেটর ম্যাচের বিরতিতে জায়ান্ট স্ক্রিনে এই কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানায় বিসিবি।
ক্রিকেট এবং ফুটবল দুটিই ভালোবাসতেন বাপ্পি লাহিড়ী। ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনারও খুব ভক্ত ছিলেন তিনি। দেখাও করেছিলেন তার সঙ্গে। আর্জেন্টাইন কিংবদন্তিকে নিয়ে গান তৈরি করে তা ম্যারাডোনার হাতেও তুলে দিয়েছিলেন।
বাপ্পি লাহিড়ী মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্ম বাপ্পি লাহিড়ীর। আসল নাম অলকেশ লাহিড়ী। কিন্তু এরপর ধীরে ধীরে তিনি পরিচিত হতে শুরু করেন বাপ্পি লাহিড়ী নামে। বাবা অপরেশ লাহিড়ী ও মা বাঁশরী লাহিড়ী দুজনেই ছিলেন গানের জগতের মানুষ।
বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা ভারতে। ক্রীড়াঙ্গনও এর বাইরে নয়। শচিন টেন্ডুলকার থেকে শুরু করে বিরাট কোহলির মতো তারকারা শোক জানিয়েছে পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।