রাজধানীর কলাবাগানে মাস্টারমাইন্ড স্কুলের ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে তার বন্ধু ইফতেখার ফারদিন দিহানের বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। গতকাল বুধবার ঢাকার ৭ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক জুলফিকার হায়াত এ মামলায় দিহানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য আগামী ১৬ মার্চ তারিখ নির্ধারণ করেছেন।
গতকাল কাঠগড়ায় দাঁড়ানো দিহানকে তার বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানোর পর তিনি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। এ সময় দিহানের অব্যাহতি চেয়ে শুনানি করেন তার আইনজীবী মো. বোরহান উদ্দিন।
আইনজীবী বোরহান উদ্দিন আদালতকে বলেন, ‘তারা পরস্পরের সম্মতিতে মিলিত হন। কোনো জবরদস্তি সেখানে হয়নি। আসামি অব্যাহতি পাবেন।’ এ সময় ১৬৪ ধারায় দেওয়া দিহানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের জন্য তার আইনজীবী আবেদন করলে বিচারক তা নথিভুক্ত করেন। পরে দিহানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
গত বছরের ৭ জানুয়ারি রাজধানীর ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল কর্র্তৃপক্ষ কলাবাগান থানায় ফোন করে জানায়, এক তরুণ এক কিশোরীকে হাসপাতালে মৃত অবস্থায় এনেছে। কিশোরীর শরীর থেকে রক্ত ঝরছে। পরে কলাবাগান থানার পুলিশ হাসপাতালে গিয়ে দিহানকে আটক করে। এ ঘটনায় মৃত কিশোরীর বাবা বাদী হয়ে দিহানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এ মামলায় গত বছরের ৮ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। অভিযোগপত্রে বলা হয়, দিহানের পাশবিক নির্যাতনে কিশোরীর মৃত্যু হয়।