ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জুনায়েদ (১৫ দিন) নামে এক নবজাতককে নদীতে ফেলে হত্যার অভিযোগে মা জুলি আক্তারকে (১৯) গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা-পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শিশুটির মা জুলি আক্তারের স্বীকারোক্তি অনুযায়ী উপজেলার বারুয়াখালী ইউনিয়নের পার্শ্ববর্তী ইছামতি নদীর রতনপুর এলাকা থেকে ওই নবজাতকের মরদেহটি উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১২টায় নবাবগঞ্জ থানার ওসি মো. সিরাজুল ইসলাম শেখ এক প্রেস ব্রিফিংয়ে হত্যাকাণ্ডের বিষয়টি অবহিত করেন।
ওসি জানান, বুধবার বেলা ৩টা ১০ মিনিটে উপজেলার রতনপুর গ্রামের নিজ বাড়ি থেকে নবজাতক জুনায়েদকে ঘরের বিছানায় রেখে মা জুলি আক্তার শৌচাগারে যান। ফিরে এসে দেখেন ছেলে বিছানায় নেই। খোঁজাখুঁজি করে না পেয়ে শিশুর বাবা জুবায়ের হোসেন রনিকে তার স্ত্রী জুলি আক্তার খবর দেন। জুবায়ের ঢাকা থেকে এসে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এরপর পুলিশ শিশুটির মা জুলিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে পারিবারিক কলহ ও অশান্তির কারণে জুনায়েদকে নদীতে ফেলে দিয়েছেন বলে স্বীকারোক্তি দেন।
স্বীকারোক্তি অনুযায়ী আজ সকাল ৯টায় জুলিকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে জেলেদের দিয়ে নদীতে জাল ফেলে পুলিশ শিশুর মরদেহ উদ্ধার করেন।
ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।
নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক এবং মামলার আয়ু আব্দুল জলিল বলেন, নবজাতকের বাবা জুবায়ের বাদী হয়ে তার স্ত্রী জুলিকে আসামি করে নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলার পর আসামি জুলি আক্তারকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।