ভারতের উত্তরপ্রদেশে একটি বিয়ের অনুষ্ঠান চলাকালে দুর্ঘটনাবশত কূপে পড়ে নারী-শিশুসহ ১৩ জনের মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে রাজ্যের কুশিনগর জেলার নেবুয়া নাউরানগিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে খবর দিয়েছে এনডিটিভি।
পুলিশ বলছে, মৃতদের মধ্যে সাতজন নারী ও ছয়জন কন্যাশিশু রয়েছে। তারা সবাই বিয়ের অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিল।
পুরনো কূপটি কংক্রিটের একটি সø্যাব দিয়ে ঢাকা ছিল। বিয়ের অনুষ্ঠানে আসা কিছু অতিথি সø্যাবটির ওপর বসেছিল। একপর্যায়ে সø্যাবটি ভেঙে তারা কূপে পড়ে যায়। পরে তাদের কূপ থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ১৩ জনকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।
স্থানীয় জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা অখিল কুমার বার্তা সংস্থা এএনআইকে বলেন, বিয়ের অনুষ্ঠান চলাকালে রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। লোকজনের ভারে সø্যাবটি ভেঙে কূপে পড়ে যায়। দুর্ঘটনায় নিহত প্রত্যেক ব্যক্তির পরিবারকে ৪ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট।
এ ঘটনাকে ‘হৃদয়বিদারক’ হিসেবে বর্ণনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হতাহতের ঘটনায় তিনি শোক প্রকাশ করেছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রী। প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন।