বান্দরবানে পার্বত্যমন্ত্রী

জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, ‘আমরা রাজনীতি করি জনগণের জন্য। জনগণের সঙ্গে জনপ্রতিনিধিদের সুসম্পর্ক বজায় রাখতে হবে। জনগণ কী বলতে চায় আমাদের বুঝতে হবে। জনবান্ধব না হলে ভোট পাওয়া যাবে না। কর্মীদের কারণে আমরা আজ মন্ত্রী, এমপি। কর্মীদের অবহেলা করা যাবে না। কর্মীরা রাজা বানাতে পারে আবার শেষ করতে পারে।’

গতকাল শুক্রবার সকালে বান্দরবানের নিজ বাসভবনে আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।

আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আবদুর রহিম চৌধুরীর সভাপতিত্বে¡ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাশ, সিংইয়ং ম্রো, ধুংড়িমং মার্মা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দীন।