সাকিব ইস্যুতে বরিশালকে শোকজ করেছে বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালের আগের দিন ‘জৈব সুরক্ষা বলয়’ ভেঙে বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেন সাকিব আল হাসান। ফরচুন বরিশাল অধিনায়ক আসেননি ম্যাচপূর্ব সংবাদ সম্মেলন ও ফটোসেশনে। যা বেশ বিতর্কের জন্ম দেয়।

যদিও সাকিব করোনা নেগেটিভ সনদ নিয়ে শুক্রবার বিপিএলের ফাইনালে খেলেছেন। তবে তাকে ‘সুরক্ষা বলয়’ ভাঙার অনুমতি দেওয়ায় ফরচুন বরিশালকে পেতে হয়েছে কারণ দর্শানোর নোটিশ।

বিপিএল ফাইনাল শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় সাকিব ইস্যুতেও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে হয় তাকে। বিসিবি সভাপতি বলেন, ‘ফ্র্যাঞ্চাইজিটিকে কারণ দর্শাতে বলা হয়েছে।’

ফ্র্যাঞ্চাইজির কাছে তার প্রশ্ন, ‘জৈব সুরক্ষা বলয় ভেঙে বাইরে গেল কীভাবে? আমরা ফ্র্যাঞ্চাইজিদের নির্দেশনা দিয়েছিলাম, কীভাবে জৈব সুরক্ষা বলয় মানতে হবে। এটা ভাঙা হয়েছে, এ কারণেই কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।’

বিপিএলের ফাইনালে সাকিবের বরিশালকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টুর্নামেন্টের আট আসরে এ নিয়ে রেকর্ড তৃতীয় শিরোপা ঘরে তুলল দলটি।