আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণেই তেল, চিনি ও ডালের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, ‘দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। ভোক্তারা যাতে প্রতারিত না হয়, সেজন্য সর্বাধিক গুরুত্ব দিয়ে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। সয়াবিন তেল, ডাল, চিনি, পেঁয়াজের মতো আমদানিনির্ভর পণ্য যাতে সঠিক মূল্যে বিক্রয় হয়, সেজন্য সরকার কঠোর নজরদারি করছে।’
গতকাল শুক্রবার সকালে রংপুর সার্কিট হাউজে রোটারি ক্লাব উত্তরা ও অপু মুন্সি মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে নির্মিত অপু মুন্সি ক্যানসার হাসপাতাল প্রতিষ্ঠা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত আলু উৎপাদন হচ্ছে। ন্যায্যমূল্য নিশ্চিত করতে রপ্তানি বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দিন দিন রপ্তানি বাড়ছে। এ বছর ৫১ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আলু রপ্তানি থেকে আয় এতে অবদান রাখবে। সরকার আলু উৎপাদন, ব্যবহার ও রপ্তানির বিষয়ে সজাগ রয়েছে।
রংপুর সিটি করপোরেশন ও পীরগাছার মধ্যবর্তী স্থানে নির্মিত ক্যানসার হাসপাতালের অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, রংপুর অঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীর চিকিৎসাসেবার মান বৃদ্ধি করতে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে রংপুরে ক্যানসার হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও মাহিগঞ্জের বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসাসেবার মান বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
টিপু মুনশি বলেন, রোটারি ক্লাব উত্তরা ও অপু মুন্সি মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে রংপুরে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে ৪০ হাজার স্কয়ার ফিটের ৫০ বেডের ক্যানসার হাসপাতাল নির্মাণ বাস্তবায়নের কাজ দ্রুত এগিয়ে চলছে। মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি এতে সহযোগিতা প্রদানের জন্য বেসরকারি খাত ঢাকার রোটারি ক্লাব উত্তরা এগিয়ে এসেছে।
সংবাদ সংস্থা এপির বাংলাদেশ ব্যুরো চিফ উত্তরা রোটারি ক্লাবের প্রেসিডেন্ট জুলহাস আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি ক্রাইম) আবু মারুফ হোসেন, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. বিমল চন্দ্র রায়, রংপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি প্রমুখ।