করোনা শনাক্ত ৩ হাজারের নিচে নামল

দেশে এক দিনে করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা ৩ হাজারের নিচে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ২ হাজার ৫৮৪ জন শনাক্ত এবং মৃত্যু হয়েছে ২৪ জনের। এর আগের দিন বৃহস্পতিবার রোগী শনাক্ত হয়েছিল ৩ হাজার ৫৩৯ জন এবং মৃত্যু হয়েছিল ২০ জনের। এর আগে গত বুধবার শনাক্ত ৩ হাজার ৯২৯ ও মৃত্যু হয়েছিল ১৫ জনের। এ পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ১৯ লাখ ২৯ হাজার ১৫৪ জনের এবং মারা গেছে ২৮ হাজার ৯৩১ জন। গতকাল বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, এক দিনের ব্যবধানে শনাক্ত ৯ শতাংশের ঘরে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২৭ হাজার ৭৬৫টি। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৩১ শতাংশ। এর আগের দিন বৃহস্পতিবার এ হার ছিল ১০ দশমিক ২৪ শতাংশ। এ পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৩১ লাখ ৫৮ হাজার ৭৬৪টি। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ৬৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ৫০ শতাংশ।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে সবচেয়ে বেশি ১ হাজার ৬১৯ জন ঢাকা বিভাগের বাসিন্দা, যা শনাক্তের ৬৩ শতাংশেরও বেশি। এরপর সবচেয়ে কম ৫৩ জন শনাক্ত হয়েছে ময়মনসিংহ বিভাগে। এ সময়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১৪ জনই ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রাম ও সিলেটে ৩ জন করে, রাজশাহীতে ২ এবং খুলনা ও রংপুর বিভাগে ১ জন করে মারা গেছে। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ২০ এবং বেসরকারি হাসপাতালে ৪ জন মারা গেছে।

মৃতদের মধ্যে পুরুষ ১৭ ও নারী ৭ জন। এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে ১৮ হাজার ৪৭৮ পুরুষ ও ১০ হাজার ৪৫৩ জন নারী মারা গেছে।