আ.লীগ নেতা হত্যায় জাসদ নেতাসহ ২০ জনের নামে মামলা

কুষ্টিয়ার ভেড়ামারায় আওয়ামী লীগ নেতা সিদ্দিক মণ্ডলকে গুলি করে হত্যার ৩৬ ঘণ্টা পর জাসদের কেন্দ্রীয় নেতাসহ ২০ জনের নামে মামলা হয়েছে।

নিহতের ছোট ভাই ইউপি সদস্য এনামুল হক বাদী হয়ে জাতীয় জাসদের কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন এবং তার ভাই ইউপি চেয়ারম্যান আব্দুল হাফিজ তপনসহ ২০ জনের নামে মামলা করেন।

শনিবার বিকেল চারটার দিকে ভেড়ামারা থানায় মামলাটি করা হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার পুলিশ পরিদর্শক (ওসি) মজিবর রহমান।

মামলার বিষয়ে চাঁদগ্রাম ইউপি সদস্য ও বাদী এনামুল হক বলেন, ‘মামলা নিতে পুলিশের কোনো গড়িমসি ছিল না। আমরাই দরখাস্ত দিতে দেরি করেছি। মামলায় কাকে সাক্ষী করব সে বিষয়ের সিদ্ধান্ত, আহতদের হাসপাতালে চিকিৎসা, নিহতের লাশ দাফন-কাফনসহ আসামিদের নাম ঠিকানা সংগ্রহ করে এবং আত্মীয়স্বজন গণ্যমান্য ব্যক্তি ও নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়েই থানায় দরখাস্ত জমা দিতে কিছুটা দেরি হলো।’

‘ঘটনার পর থেকেই পুলিশের পক্ষ থেকে বারবার আমাদের তাগিদ দিচ্ছিল মামলা দেয়ার জন্য। এখন মামলা দিয়েছি বাকি দায়িত্ব পুলিশের, কারা এ ঘটনায় জড়িত তা সব এজাহারেই দেয়া আছে।’

ভেড়ামারা থানার পুলিশ পরিদর্শক (ওসি) মজিবর রহমান জানান, আসামিদের নাম ঠিকানাসহ প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ এবং মুরুব্বিদের সঙ্গে আলাপ করে এজাহার দিতে দেরি হয়েছে।

তিনি বলেন, যেকোনো ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি অভিযোগ দেবেন, পুলিশ তারওপর ভিত্তি করে আইনগত পদক্ষেপ গ্রহণ করবে। নিহতের পরিবারের পক্ষ থেকে নিহতের ছোট ভাই এনামুল বাদী হয়ে মামলা দিয়েছেন। এখন পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

এই ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিবাদ ও বিচার দাবির সঙ্গে সংহতি জানিয়ে উপজেলা আওয়ামী লীগের নেতারা হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে। মামলা হওয়ার পর এজাহারভুক্তদের গ্রেপ্তারে পুলিশ তৎপর হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য শুক্রবার সকালে চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিক মণ্ডল ও তার আরও দুই ভাই পার্শ্ববর্তী চরপাড়া মাঠে জিকে ড্রেনেজ খালে মাছ ধরতে যাওয়াকে কেন্দ্র করে পূর্ব থেকেই দুপক্ষের মধ্যে বিবাদ-দ্বন্দ্বে প্রতিপক্ষ স্থানীয় জাসদ সমর্থিত মালিথা গ্রুপের লোকজন তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় আহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিদ্দিক মণ্ডলকে মৃত ঘোষণা করেন।