তিস্তার পাড়ে হবে অর্থনৈতিক অঞ্চল : বাণিজ্যমন্ত্রী

তিস্তার দুই পাড়ে লম্বা রাস্তায় অর্থনৈতিক অঞ্চল করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, এই কার্যক্রমে অর্থায়ন করবে চীন। এটি বাস্তবায়ন হলে এ অঞ্চলের মানুষের জন্য অনেক সুবিধা হবে। গতকাল শনিবার রংপুর আরডিআরএসের বেগম রোকেয়া মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত রংপুর অঞ্চলের বৈষম্য কমাতে জাতীয় উন্নয়নে অঙ্গীকার নিয়ে শিক্ষা, শোভন, কর্মসংস্থান, জেন্ডার সমতা ও তিস্তার মহাপরিকল্পনা এবং দ্রুত বাস্তবায়ন সংক্রান্ত সংলাপে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেছেন, সৈয়দপুর বিমানবন্দর সম্প্রসারণের কথা বহুবার বলেছি। প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা হয়েছে। এক সময়ে সপ্তাহে ১দিন বিমান আসত। আমি উদ্যোগী হয়ে বড় ব্যবসায়ীর কথা বলেছিলাম। তারা বিমান বাড়ানোর বিষয়ে আশ^স্ত করেছিলেন। যার পরিক্রমায় বর্তমানে ১৩-১৭টা বিমান এ বন্দরে আসে।

তিনি আরও জানিয়েছেন, সৈয়দপুর বিমানবন্দর এখন আঞ্চলিক বিমানবন্দর। এর উন্নয়নে প্রায় ৬৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। সৈয়দপুর থেকে বিমানে নেপাল ও ভুটানে যাওয়ার জন্য দেশগুলোর মন্ত্রীদের সঙ্গে কথা হয়েছে। তবে কলকাতার বিষয়ে কথা হয়নি। আমাদের দেশের অনেকে চিকিৎসার জন্য শিলিগুড়ি যান। তারা যাতে বিমানে যেতে পারেন, সে বিষয়ে গুরুত্ব দিয়ে কথা হচ্ছে।