চট্টগ্রামে নিজেদের খরচে মেট্রোরেল প্রকল্প বাস্তবায়ন করে দিতে চায় চীনের রাষ্ট্রায়ত্ত চারটি কোম্পানি। এর বিনিময়ে তারা মিরসরাইয়ের কাছে বঙ্গোপসাগরে গড়ে ওঠা চরে একটি স্মার্টসিটি করে লভ্যাংশ নেবে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে (সিডিএ) এমন একটি প্রস্তাব দিয়েছে কোম্পানিগুলো।
এ প্রসঙ্গে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রধান প্রকৌশলী হাসান বিন শামস দেশ রূপান্তরকে বলেন, ‘বঙ্গোপসাগর তীরবর্তী চট্টগ্রামের পতেঙ্গা থেকে মিরসরাই ইকোনমিক জোনের আগ পর্যন্ত এমআরটি/মেট্রোরেল নির্মাণ করে একটি স্মার্টসিটি গড়ে তোলার প্রস্তাব দিয়েছে চীনের চারটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। তারা নিজেদের অর্থায়নে মেট্রোরেল ও স্মার্টসিটি করে দিতে চায়। ইতিমধ্যে বিষয়টি সিডিএ’র পক্ষ থেকে গৃহায়ন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানো হয়েছে। মন্ত্রণালয় সেটি এপ্রিশিয়েট করেছে।’
সিডিএ কর্মকর্তারা বলছেন, মেট্রোরেল প্রকল্পের সম্ভাব্যতা যাচাইও নিজেদের খরচে করার প্রস্তাব দিয়েছে চীনা কোম্পানিগুলো।
অন্য এক প্রশ্নের জবাবে সিডিএর প্রধান প্রকৌশলী হাসান বিন শামস বলেন, ‘চীনা কোম্পানিগুলো এসব টাকা ঋণ হিসেবে নয় এককালীন দিয়ে দেবে। তারা বিনিময়ে সাগর তীরবর্তী গড়ে ওঠা চরের ২ কিলোমিটার অংশের প্রায় ৩০ হাজার একর জায়গায় একটি স্মার্টসিটি গড়ে তুলবে। সাগর তীরবর্তী কাট্টলী এলাকার বে-টার্মিনালের পর থেকে মিরসরাই ইকোনমিক জোনের আগ পর্যন্ত এলাকার মধ্যেই স্মার্টসিটি গড়ে তুলতে চায় তারা। এক্ষেত্রে মাঝখানে জাহাজভাঙা শিল্পের যেই প্রতিষ্ঠান রয়েছে, সেগুলো বাদ যাবে। এক কথায় স্মার্টসিটির জন্য যেসব সুযোগ সুবিধার প্রয়োজন হয়; তারমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই যোগাযোগ। সেক্ষেত্রে তারা মেট্রোরেলকে প্রাধান্য দিয়েছে। সেটি তারা নিজস্ব অর্থায়নে করবে। স্মার্টসিটিও গড়ে দেবে। এক্ষেত্রে ২০-২২ বছর সময় নির্ধারণ করেছে তারা। সেখান থেকে প্রফিট করবে’।
সিডিএ সূত্রে আরও জানা যায়, বর্তমানে পদ্ম সেতু ও কর্ণফুলী টানেল নির্মাণ করছে চীনা প্রতিষ্ঠান। দেশের বৃহত্তম এই দুটি প্রকল্প নির্ধারিত সময়ে টেকসইভাবে নির্মিত করছে তারা। এক্ষেত্রে চট্টগ্রাম মেট্রোরেল ও মিরসরাইয়ে স্মার্টসিটি গড়ার ক্ষেত্রে চীনা প্রতিষ্ঠান সুযোগ পেলে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও বেগবান হবে। নির্মাণকাজও টেকসই ও গতিশীল হবে বলে প্রস্তাবনায় উল্লেখ করা হয়।
চট্টগ্রামের মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে দক্ষিণ কোরিয়ার উন্নয়ন সংস্থা কোইকা আগ্রহ প্রকাশ করেছে। তারা এই মেট্রোরেল প্রকল্পের সম্ভাবতা যাচাইয়ে ৫০ কোটি ডলার অনুদান হিসেবে দেওয়ার সম্মতি দিয়েছে। বিষয়টি চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃপক্ষকে অবহিত করেছে দক্ষিণ কোরিয়ার উন্নয়ন সংস্থা কোইকা। পরে চীনের চারটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সিডিএ-কে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে মেট্রোরেলসহ স্মার্টসিটি করার প্রস্তাবনা দেওয়ার বিষয়টি উঠে এসেছে।