আগামী বছর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি ২ দিন

নতুন শিক্ষাক্রম অনুযায়ী আগামী বছর থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন হবে। গতকাল শনিবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নতুন কারিকুলামের পাইলটিং কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

অনুষ্ঠানে নতুন শিক্ষাক্রমের আলোকে প্রণয়ন করা পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, এনসিটিবির চেয়ারম্যান মো. ফরহাদুল ইসলাম ও সদস্য (শিক্ষাক্রম) মো. মশিউজ্জামান উপস্থিত ছিলেন।

আগামী ২২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে বাছাই করা ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হচ্ছে। মার্চের শুরুতে বাছাই করা প্রাথমিক স্তরের ১০০ প্রতিষ্ঠানে প্রথম শ্রেণিতে তা শুরু হবে।

শিক্ষামন্ত্রী বলেন, ৬২ শিক্ষাপ্রতিষ্ঠানে এই পাইলটিং কার্যক্রম বাস্তবায়িত হবে। পরবর্তীকালে ধাপে ধাপে আরও শ্রেণিতে তা বাস্তবায়ন করা হবে। এতে সফল হতে পারলে ২০২৩ সাল থেকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে পাইলটিং শুরু হবে। ২০২৪ সালে অষ্টম ও নবম শ্রেণিতে এটি বাস্তবায়ন করা হবে। অন্যদিকে এই পদ্ধতিতে নতুন কারিকুলামে ২০২৪ সাল থেকে নবম শ্রেণিতে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগ থাকছে না।

শিক্ষাক্রমে যেসব পরিবর্তন ও পরিমার্জন আনা হয়েছে সেগুলোর উপযোগিতা যাচাই এবং তা সংশোধন ও পরিমার্জনের জন্য দেশের ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্বাচন করা হয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ট্রাই আউট কার্যক্রম পরিচালনা করা হবে। পাহাড়-চর-সমতল-উপকূল এলাকায় বিভিন্ন ধরন বিবেচনায় রেখে এসব প্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে। পাইলটিংয়ের জন্য ষষ্ঠ শ্রেণির পাঠ্যপুস্তক, শিক্ষক সহায়িকা ও অনুশীলন বই প্রণয়ন করা হয়। এই পাইলটিং কার্যক্রম চলবে চার মাসের জন্য।