কিশোরগঞ্জে সাত বছর বয়সী এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে করা মামলায় মাদ্রাসাশিক্ষক আরিফকে (৩৪) গ্রেপ্তার করেছে র্যাব-১৪। গত শুক্রবার রাতে সদর উপজেলার সতাল এলাকার আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার সকালে ওই শিক্ষককে কারাগারে পাঠানো হয়। আরিফ জেলার মিঠামইন উপজেলার ঘাগড়া গ্রামের দুদু মিয়ার ছেলে। শহরের শোলাকিয়ার তাওফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ওই শিক্ষক মাদ্রাসারই একটি কক্ষে থাকতেন।
পরিবার, পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ছয়/সাত মাস আগে ওই মাদ্রাসার আমপারা বিভাগে ছেলেটিকে ভর্তি করেন তার বাবা। মাদ্রাসাশিক্ষক আরিফ প্রায় রাতেই বিভিন্ন প্রলোভন দেখিয়ে ছেলেটিকে ধর্ষণ করে আসছিল। কিন্তু এতদিন ভয় ও লজ্জায় কাউকে বিষয়টি বলতে পারেনি সে। গত মঙ্গলবার রাতে আবার তাকে শয়নকক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করে ওই শিক্ষক। পরদিন সকালে ছেলেটি লুকিয়ে বাড়িতে চলে আসে। তার বাবা বাড়িতে আসার কারণ জানতে চাইলে ছেলেটি কান্নায় ভেঙে পড়ে। একপর্যায়ে পরিবারের সদস্যরা তার সঙ্গে কথা বলে ধর্ষণের বিষয়টি জানতে পারে। এরপর ছেলেটির বাবা গত শুক্রবার দুপুরে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা করেন।
র্যাব-১৪-এর উপপরিচালক ও কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বলেন, মামলার এজাহার হাতে পেয়ে বিষয়টি অবগত হই। পরে গ্রেপ্তার অভিযানে নেমে রাতেই শিক্ষক আরিফকে গ্রেপ্তার করা হয়।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ বলেন, অভিযুক্ত শিক্ষক আরিফকে শনিবার সকালে কারাগারে পাঠানো হয়েছে।