কোনোরকম তদন্ত ছাড়াই দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করা হয়েছে। কেন করা হয়েছে? কারণ দুর্নীতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করার কারণে দুর্নীতিবাজরা শরীফ উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ করেছে।’ গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের বই ‘স্মৃতির অ্যালবাম’-এর প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ক্যানসারের মতো দুর্নীতি আজ ছড়িয়ে পড়েছে। আর এর সম্পূর্ণভাবে নেতৃত্ব দিচ্ছে সরকার। গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়াতে আইনমন্ত্রী-উপদেষ্টার কথোপকথন, চাঁদপুরে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমির অধিগ্রহণের শিক্ষামন্ত্রীর আত্মীয়-স্বজনের সম্পৃক্ততার সংবাদ উঠে এসেছে। আজকেও (শনিবার) আবার একটি পত্রিকায় দেখলাম যে, ঢাকা এয়ারপোর্ট থেকে টঙ্গির যে রাস্তা এই রাস্তার প্রতি কিলোমিটারের খরচ দেখানো হয়েছে ২১৩ কোটি টাকাযা পৃথিবীর কোথাও নেই। এখন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের লোকজন, মেডিকেল কলেজের লোকজনসহ এমন কোনো ক্ষেত্র নেই যেখানে দুর্নীতি নেই।’
নির্বাচন কমিশন (ইসি) গঠন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা আগেই বলেছি নির্বাচনকালে যদি সরকারের পরিবর্তন না হয় এবং সরকার যদি নির্দলীয় না হয়, তাহলে ইসি দিয়ে কোনো কাজ হবে না। এর আগে ২০১৪ ও ১০১৮ সালের ন্যায় ক্ষমতা পাকাপোক্ত করতে চায় সরকার। একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে চায়। আওয়ামী লীগ আজ গণতন্ত্রের কথা বলে অথচ তারা যতবার ক্ষমতায় এসেছে ততবারই গণতন্ত্রকে ধ্বংস করার জন্য কাজ করেছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ চৌধুরী, ঢাকা উত্তর বিএনপির অহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রমুখ।