মেলায় ইসলামিক বই রাখা যাবে, মৌলবাদী নয়: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম বলেছেন, ‘মেলায় ইসলামিক ও ধর্মীয় বই রাখা যাবে না, এমন অপপ্রচার ছড়ানো হচ্ছে। কিন্তু এসব বই রাখা যাবে না, এমন কথা কোথাও বলা হয়নি। অবশ্যই ইসলামি বই রাখা যাবে। কিন্তু দৃঢ়ভাবে বলতে চাই কোনো মৌলবাদী বই রাখা যাবে না। অনেক ইসলামি প্রকাশনা এখানে রয়েছে। কোনো মিথ্যা প্রোপাগান্ডায় কান দেবেন না, গুজবে কান দেবেন না।’

রবিবার নগরের এম এ আজিজ স্টেডিয়াম-সংলগ্ন জিমনেসিয়াম মাঠে আজ থেকে শুরু হওয়া বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

করোনার কারণে গত বছর হয়নি চট্টগ্রামের বইমেলা। এবারও বইমেলা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। চট্টগ্রামে ১০ ফেব্রুয়ারি মেলা শুরুর কথা থাকলেও পরবর্তী সময়ে তারিখ পরিবর্তন করে ১৭ ফেব্রুয়ারি করা হয়। প্রস্তুতির অভাবে পিছিয়ে দেওয়া হয় সেই তারিখও। ফলে প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় স্টলগুলো খালি দেখা গেছে।

এবার চট্টগ্রামের বইমেলায় ১২০টি স্টল অংশ নিয়েছে। চট্টগ্রামের পাশাপাশি ঢাকার অনেক প্রকাশনীও অংশ নিয়েছে মেলায়।

প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। আর ছুটির দিনে মেলা শুরু হবে সকাল ১০টা থেকে। মেলা চলবে আগামী ১০ মার্চ পর্যন্ত।

চট্টগ্রামের বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম। বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ গবেষক মাহফুজুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সিটি করপোরেশনের প্যানেল মেয়র আবদুস সবুর, মো. গিয়াস উদ্দিন ও আফরোজা কালাম, মেলা আয়োজক কমিটির আহ্বায়ক ও কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ প্রমুখ।