সার্চ কমিটি

বৃহস্পতিবার ১০ জনের নাম পাচ্ছেন রাষ্ট্রপতি

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য কমিশনার নিয়োগের জন্য যোগ্য ১০ জনের চূড়ান্ত তালিকা আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে বলে জানিয়েছে সার্চ কমিটি। আগামীকাল মঙ্গলবার বৈঠকে কমিটি তালিকাটি চূড়ান্ত করবে। তবে কারও নাম প্রকাশ করবে না বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। গতকাল রবিবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান সার্চ কমিটির প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি বলেন, ‘সার্চ কমিটি হওয়ার পরে আমরা এই পর্যন্ত ছয়টি বৈঠক করেছি। আরেকটি বৈঠক বাকি আছে। আগামী ২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেল সাড়ে ৪টায় আমাদের সপ্তম বৈঠক করার মধ্য দিয়ে আমরা আপাতত আমাদের কাজ শেষ করতে পারব।’

ওবায়দুল হাসান বলেন, ‘প্রস্তাবিত সব নামের মধ্য থেকে আমরা আমাদের ৫ম বৈঠকে ২০ জনের নাম চূড়ান্ত করেছি। আজকের (গতকাল রবিবার) বৈঠকেও আমরা ১০টি নাম চূড়ান্ত করতে পারিনি, কাছাকাছি এসেছি। ১২-১৩টি নামের মধ্যে থেকে আমরা ১০টি নাম খুঁজে বেড়াচ্ছি। এর মধ্যে আশা করি আমরা ১০টি নাম পেয়ে যাব। ২২ তারিখ সর্বশেষ বৈঠক করে রাষ্ট্রপতির কাছে নামগুলো পাঠিয়ে দেব।’

প্রসঙ্গত, সার্চ কমিটির সুপারিশ করা ১০ জনের তালিকা থেকে পাঁচজন বেছে নেবেন রাষ্ট্রপতি। তাদের মধ্য থেকে একজনকে সিইসি এবং অন্য চারজনকে কমিশনার নিয়োগ করা হবে।

সার্চ কমিটির প্রধান বলেন, ‘আমরা নিজেদের মধ্যে ছয়টি বৈঠক করেছি। আর চারটি বৈঠক করেছি দেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে। প্রথমে ৩২২ (৩১৬ হবে) জনের একটি তালিকা প্রকাশ করা হয়েছিল। এরপর আরও কিছু নাম দিয়েছেন চারজন সাংবাদিক। নাম দেওয়ার সময় শেষ হওয়ার পরও আমরা অনেকের মতামতের ভিত্তিতে সময় বাড়িয়েছি। যারা পরে নাম দিয়েছেন তাদের নামও আমরা গ্রহণ করেছি।’

বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ‘আমরা চেষ্টা করেছি আইনে যতটুকু ক্ষমতা দেওয়া হয়েছে, ততটা স্বচ্ছ থাকতে। আমাদের আইনে বলা আছে, ১৫ কার্যদিবসের মধ্যে আমাদের কার্যক্রম শেষ করতে হবে। আমরা হিসাব করে দেখেছি যে ১৫ কার্যদিবস ২৭ ফেব্রুয়ারি শেষ হবে। আমরা তার আগে ২৪ তারিখের মধ্যে রাষ্ট্রপতির কাছে নাম দিতে পারব। চূড়ান্ত হবে ২২ তারিখ।

এদিকে চূড়ান্ত নামগুলো প্রকাশের দাবি উঠেছে নাগরিক সমাজসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। এর পরিপ্রেক্ষিতে নাম প্রকাশ করা হবে কি না জানতে চাইলে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক মাহামুদুল হাসান বলেন, ‘আইন অনুযায়ী কার্যপদ্ধতি নির্ধারণ করবে এই কমিটি। আমরা শপথ নিয়েছি, সংবিধান অনুযায়ী আইনকে রক্ষা করা আমাদের দায়িত্ব। আইনে বলা আছে কার্যপদ্ধতি নির্ধারণ করব আমরা। সেটা করেছি। এই নামগুলো আমরা প্রকাশ করব না। কারণ রাষ্ট্রপতির এখতিয়ার, তার কাছে দিলে পরে, তিনি যদি বলেন আপনারা প্রকাশ করেন, তাহলে করব। তার অনুমতি ছাড়া এটা প্রকাশ করা আইনেও নেই।’

৩২২ নাম প্রকাশের পরে বিএনপি কোনো প্রস্তাব করেছিলেন কি না এবং মোট কতটি নাম প্রস্তাব এসেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই বিষয়ে আগামী ২২ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিব বিস্তারিত বলবেন।’

রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘রাষ্ট্রপতির সঙ্গে আমরা তো চাইলেই দেখা করতে পারব না। এখানে দুটি শর্ত রয়েছে, একটি হলো করোনা মুক্ত হতে হবে, আরেকটি হলো সাক্ষাতের অনুমতি পেতে হবে। মন্ত্রিপরিষদ সচিব চেষ্টা করছেন। তারপর বলা যাবে।’

প্রস্তাবিত নামের বাইরে থেকে কোনো নাম প্রস্তাব আপনারা করছেন কিনা এমন প্রশ্নের জবাবে বিচারপতি মাহামুদুল হাসান বলেন, ‘আমাদের সেই এখতিয়ার রয়েছে। আমরা সেটা করতে চাই না।’