দেশে করোনার সংক্রমণ কমে টানা ছয় সপ্তাহ পর আবার রোগী দুই হাজারের নিচে ও শনাক্ত হার ৮ শতাংশের নিচে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১ হাজার ৯৮৭ জন ও শনাক্তের হার ৭ দশমিক ৮২ শতাংশ। এ সময়ে মারা গেছে ২১ জন।
এর আগে সর্বনিম্ন রোগী ছিল ৯ জানুয়ারি ১ হাজার ৪৯১ জন। এরপর ১০ জানুয়ারি শনাক্ত রোগীর সংখ্যা দুই হাজার ও ১৩ জানুয়ারি তিন হাজার ছাড়িয়ে যায়। বাড়তে বাড়তে ২৫ জানুয়ারি দৈনিক রোগীর সংখ্যা ১৬ হাজার ৩৩ জন হয় এবং সেটিই ছিল দেশে করোনায় দৈনিক রোগীর দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড।
একইভাবে দৈনিক শনাক্তের হার ৮ শতাংশের নিচে ছিল গত ৯ জানুয়ারি। ১২ জানুয়ারি তা ১০ শতাংশ ছাড়ায়। ২৮ জানুয়ারি ছিল শনাক্ত হারের সর্বোচ্চ রেকর্ড ৩৩ দশমিক ৩৭ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের গতকাল রবিবারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীদের নিয়ে দেশে শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৩৩ হাজার ২৯১ ও মৃত্যু ২৮ হাজার ৯৬৫ জনের।
গত এক দিনে শনাক্ত রোগীদের মধ্যে ১ হাজার ৩৬৫ জনই ঢাকা বিভাগের বাসিন্দা, যা মোট আক্রান্তের ৬৮ শতাংশের বেশি।
যে ২১ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ১৪ পুরুষ এবং ৭ জন নারী। তাদের মধ্যে ১২ জন ছিল ঢাকা বিভাগের বাসিন্দা। এছাড়া চট্টগ্রাম বিভাগের চার, রাজশাহী বিভাগের এক, বরিশাল বিভাগের এক, সিলেট বিভাগের এক এবং রংপুর বিভাগের বাসিন্দা ছিল দুজন। তাদের মধ্যে ১৭ জনের বয়স ৬০ বছরের বেশি, একজনের ৫১ থেকে ৬০, একজনের ৪১ থেকে ৫১, একজনের ৩১ থেকে ৪০ এবং একজনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছিল।