ভূমি জরিপ মহাপরিচালক/পরিচালক পর্যায়ে ৫ দিনব্যাপী যৌথ বৈঠকে অংশ নিতে বাংলাদেশের নীলফামারীতে আসা ভারতের পশ্চিমবঙ্গের ৫ সদস্যের প্রতিনিধি দল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেছেন।
দিবসটির প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে নীলফামারী প্রশাসন ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদের সহযোগিতায় তারা পুষ্পমাল্য অর্পণে অংশ নেন।
ভারতীয় প্রতিনিধি দলের সদস্যরা হলেন- পশ্চিমবঙ্গের ল্যান্ড রিকুজিশন অ্যান্ড সার্ভে এর পরিচালক (এলএসএস) অভানিন্দ্র সিং, পশ্চিমবঙ্গের আইবিবিডি এর অতিরিক্ত পরিচালক শ্রীমতি সুমী বিশ্বাস, অতিরিক্ত চার্জ কর্মকর্তা শ্রী বিদেশ নায়েক, শ্রী অতিরিক্ত সার্ভে অফিসার শ্রী সুদীপ্ত সরকার ও আমিন শ্রী স্বপ্ন কুমার মন্ডল।
এ সময় তাদের সঙ্গে নিয়ে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন বাংলাদেশের ১১ সদস্যের প্রতিনিধি দলের প্রধান ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোয়াজ্জেম হোসেন।
পশ্চিমবঙ্গের ল্যান্ড রিকুজিশন অ্যান্ড সার্ভে এর পরিচালক (এলএসএস) অভানিন্দ্র সিং বলেন, বাংলা ভাষার জন্য ৫২ এর আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের নাম আজ পৃথিবীজুড়ে ছড়িয়ে আছে। এ জন্য আমরা এই দিনটি পালন করছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশে এসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভারতীয় প্রতিনিধি দল নিজেদের ধন্য মনে করছে।
উল্লেখ্য, তিস্তা নদীতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের অংশের নীলফামারীর ডিমলায় ও ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার মধ্যকার আন্তর্জাতিক ৭৯৭ ও ৭৯৮ নম্বর সীমানা পিলারটি পুনর্নির্মাণ করে স্থাপন করার জন্য গত ১৯ ফেব্রুয়ারি ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নীলফামারী আসেন।
বাংলাদেশের অংশের কাজ গতকাল রবিবার শেষ করে উভয় দেশের প্রতিনিধি দল আজ সোমবার ভারতের কোচবিহারে চলে যায়। সেখানে বৈঠক চলবে এবং তা ২৩ ফেব্রুয়ারি সমাপ্ত হবে।