গাজীপুরে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

গাজীপুর মহানগরীর পুবাইল থানা ও প্রতিটি ওয়ার্ড বিএনপির নবগঠিত কমিটিকে ‘পকেট কমিটি’ উল্লেখ করে তা বাতিলের দাবি জানিয়েছে স্থানীয় বিএনপি নেতারা। ওই কমিটিগুলো বাতিলের দাবিতে গতকাল সোমবার দুপুরে নগরীর পুবাইলের মিরের বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ কমিটি বাতিল করা না হলে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন এবং বিতর্কিত এ কমিটিকে অবাঞ্ছিত ঘোষণাসহ পাল্টা কমিটি ঘোষণা দেওয়া হবে বলে সমাবেশে হুঁশিয়ারি করা হয়।

বিক্ষোভ সমাবেশ শেষে ফজলুল হক মিলনের বিরুদ্ধে ব্যানার নিয়ে মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি টঙ্গী-কালীগঞ্জ-নরসিংদী সড়কের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে মিরের বাজারে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সাবেক পুবাইল ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সহসভাপতি গাসিক কাউন্সিলর মো. সুলতান উদ্দিন, অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বিকি, বিএনপি নেতা আবদুল আলীম, আসাদ হোসেন খান বুলবুল, দেলোয়ার হোসেন, আবু বকর সিদ্দিক আবু, খালেদ মোশারফ, আজীম উদ্দিন ভুট্টু, আলমগীর হোসেন, শহীদ খান, ইসলাম উদ্দিন খান, মীর আতাউর রহমান, জাহাঙ্গীর আলম, রাশেদুল ইসলাম মাস্টার প্রমুখ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পুবাইল থানা ও চারটি ওয়ার্ড বিএনপির কমিটি পুবাইলে বসে গঠন না করে ঢাকায় বসে পকেট কমিটি ঘোষণা দেওয়া হয়েছে।

জানতে চাইলে জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন অভিযোগ অস্বীকার করে বলেন, মহানগর বিএনপি এ কমিটির অনুমোদন দিয়েছে। তাই এ সংক্রান্ত দায়দায়িত্ব মহানগর কমিটির। তবে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন বলেন, যেহেতু এটি ফজলুল হক মিলনের নির্বাচনী এলাকা তাই তার পছন্দের ও সুপারিশ করা লোকজনকে কমিটিতে রাখা হয়েছে।